শিক্ষকদের বিরুদ্ধে তালিকা দেওয়ার বিষয়টি অপপ্রচার: ঢাবি সাদা দল

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৬:৩৩ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পৃথক পৃথক তালিকা জমা দেওয়ার অভিযোগকে সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও অপপ্রচার বলে দাবি করেছে ঢাবি সাদা দল। 

শনিবার (১ আগস্ট) সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোরশেদ হাসান খান এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই প্রতিক্রিয়া জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষকদের বিরুদ্ধে তালিকা দেওয়ার ঘটনায় একটি স্বার্থান্বেষী মহল সাদা দলের নাম জড়িয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। সাদা দল কখনো এ ধরনের তালিকা জমা দেয়নি।

তবে সংগঠনটি উল্লেখ করে, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই তারা ধারাবাহিকভাবে দাবি জানিয়ে আসছে যে—যেসব ব্যক্তি, গোষ্ঠী বা সংগঠন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল কিংবা গণঅভ্যুত্থানকে কটাক্ষ করে বক্তব্য ও বিবৃতি প্রদান করছে, তাদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।

একইসঙ্গে বিজ্ঞপ্তিতে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পূর্বেই সাধারণ শিক্ষক সমাজ কর্তৃক প্রত্যাখ্যাত, অনির্বাচিত ও মেয়াদোত্তীর্ণ তথাকথিত ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি’র নামে যারা এখনো বিবৃতি দিয়ে যাচ্ছেন, তাদের বিরুদ্ধেও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত