প্রিপেইড মিটার ইস্যুতে নারায়ণগঞ্জে ১১ আগস্ট গণমিছিল, আসতে পারে হরতাল

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০২:১৯ পিএম

প্রিপেইড মিটার বাতিলের দাবিতে আগামী ১১ আগস্ট নারায়ণগঞ্জে গণমিছিলের ডাক দিয়েছে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম। উক্ত গণমিছিল পূর্ব সমাবেশ থেকে হরতালসহ কঠোর কর্মসূচির ডাক আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সংগঠনটির নেতারা।  

মঙ্গলবার (৪ আগস্ট) রাতে "প্রিপেইড মিটার চাই না, প্রতিরোধ করুন' এই আহবানে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের সভায় প্রধান অতিথির বক্তব্যে এ ইঙ্গিত দেন নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান মাসুম। 

তিনি বলেছেন, আমরা জানি নিপীড়ণ আসতে পারে। আমাদের বিরুদ্ধে মামলা হতে পারে। আমরা সেসব ফেস করবো। জেলে যেতে হলে যাবো তবুও প্রিপেইড মিটার লাগাতে দিবনা। গত সোমবার প্রিপেইড মিটারের প্রকল্প পরিচালক পিডি নারায়ণগঞ্জে এসেছিলেন। আমরা দ্বিপাক্ষিক বৈঠকে বিভিন্ন প্রশ্ন করেছিলাম কিন্তু তিনি সেসব প্রশ্নের কোন উত্তর দিতে পারেন নাই। তিনি উত্তর না দিয়ে কিভাবে বিদ্যুৎ আবিষ্কার উত্তরণ হলো কিভাবে সেসব কথা বলতে শুরু করলো। তিনি একটা কথারও উত্তর দিতে পারেন নাই। পরে আমরা বললাম প্রধানমন্ত্রী অত্যন্ত মানবিক। তার মানবিকতার অনেক গুনাবলী আমরা ইতোমধ্যে দেখেছি। আমরা প্রধানমন্ত্রীর কাছে যাবো। তাকে বোঝাবো। শেষে তিনি বলেন এত লাখ লাখ প্রিপেইড মিটার কি করবেন। আমরা বলেছি এ ধরনের গণবিরোধী সিদ্ধান্ত আমাদের উপর চাপিয়ে দিবেন। এত লাখ লাখ মিটার আমাদের উপর চাপিয়ে দিবেন। আমাদের গলায় ফাঁস লাগিয়ে দিচ্ছেন আমাদের জীবন বেরিয়ে যাচ্ছে আর আপনি প্রিপেইড মিটারের কথা বলছেন। তখন আমরা বলেছি বিগত ফ্যাসিস্ট সরকার দিনের ভোট রাতের বেলায় করে ৩ বার ক্ষমতায় থেকে ক্ষমতা চিরস্থায়ী করতে হাজার হাজার কোটি টাকার ইভিএম কিনেছিল। এই সরকার ক্ষমতায় আসার পরে সেই ইভিএম কিন্তু বাতিল করেছে। তাহলে ফ্যাসিস্ট সরকারের এই প্রিপেইড মিটার কেন বাতিল হবেনা। 

তিনি আরো বলেন, বিদ্যুৎ বিভাগ যদি কারো বাড়িতে জোরপূর্বক প্রবেশ করতে চায় তাহলে সে ডাকাত। সেক্ষেত্রে তার সঙ্গে ডাকাত প্রতিরোধের মতোই আচরণ করতে হবে। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় গণপ্রতিরোধ শুরু হয়ে গেছে। আগামী ১১ আগস্ট আমরা গণমিছিল করবো। আমরা প্রয়োজনে হরতাল ডাকবো। কোনরকম ছাড় দিবনা।

পাঠানটুলী উৎসব কমিউনিটি সেন্টারে উত্তর হাজীগঞ্জ একতা সমাজ কল্যান সংঘের উদ্যোগে আয়োজিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উত্তর হাজীগঞ্জ একতা সমাজ কল্যান সংঘের সভাপতি হাজী মো. রুহুল আমিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের আহ্বায়ক এডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল। উত্তর হাজীগঞ্জ একতা সমাজ কল্যান সংঘের উপদেষ্টা ইঞ্জিনিয়ার অহিদুর রহমান আরিফের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা রমজানুল রশিদ, এডভোকেট জাহাঙ্গীর আলম জাগু, উত্তর হাজীগঞ্জ একতা সমাজ কল্যান সংঘের  উপদেষ্টা এডভোকেট শাহজাহান মোড়ল, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক সাহেদুল হাসান বাবু, মিশনপাড়া পঞ্চায়েতের যুগ্ম মহাসচিব জাহিদ আহাম্মেদ, বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক শরীফ সুমনসহ বিভিন্ন পঞ্চায়েত, মসজিদ কমিটি ও সমাজ উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ।

সভায় বেশ কয়েকজন ভুক্তভোগী প্রিপেইড মিটার নিয়ে যেসব ভোগান্তি সেগুলো তুলে ধরেন। 
 
সভায় নেতৃবৃন্দ আগামী দিনের যেকোন আন্দোলন কর্মসূচি ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত