কেন্টের হয়ে ইংলিশ কাউন্টি খেলার পর একই দলের হয়ে টি-টোয়েন্টি টুর্নামেন্ট ভাইটালিটি ব্লাস্ট খেলেন বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। এর ফলে সেখানকার আবহাওয়া ও কন্ডিশন সম্পর্কে ভালো অভিজ্ঞতা হয়েছে তার। এবার অস্ট্রেলিয়া সফরে গিয়ে একইরকম কন্ডিশন পাওয়ায় সুবিধা হয়েছে বলে জানান তিনি। ডারউইনে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন এই ডানহাতি পেসার।
দ্বিতীয় দিনের খেলা শেষে এক ভিডিও হাসান বলেন, 'ইংল্যান্ডে কন্ডিশন, আয়ারল্যান্ডের যে কন্ডিশন, এখানেও একইরকম কন্ডিশন। তো আমি দুটোতেই বোলিং করতে অনেক উপভোগ করি এবং চেষ্টা করি যে লাইন মেপে বোলিং করতে এবং সুইং যাতে থাকে, নতুন বলে যেন দ্রুত উইকেট পাই। এমন মানসিকতা নিয়ে বোলিং করেছি এবং চেষ্টা করেছি ধারাবাহিকতা ধরে রাখতে।'
দ্বিতীয় দিন শেষে ৭৩ রানে পিছিয়ে বাংলাদেশ দল। এর আগে ২৬৩ রানে অলআউট হয় সফরকারীরা। পরে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে অজিরা ৩৫৫ রান করে। দ্বিতীয় দিনের শেষ বিকেলে ব্যাট করতে নেমে ১৯ রান তুলতেই ২ উইকেট হারায় বাংলাদেশ।
এমন পারফরম্যান্সের পরও দিনটা নিজেদের করতে পেরেছেন বলে দাবি হাসানের, 'ওভারঅল আমার কাছে মনে হচ্ছে যে আমরা খুবই ভালো শুরু করেছি এবং বোলাররা খুবই ভালো ভালো লাইনে লেন্থ মেইনটেইন করে বোলিং করেছে। এখানে কন্ডিশন খুবই ভালো, প্রায় সময় সুইং পাওয়াটা হচ্ছে। বোলারদের দৃষ্টিকোন থেকে বলতে গেলে, আমরা আসলে সবাই ভালো বোলিং করার চেষ্টা করেছি।'
