বিড়াল আমাদের খুব পরিচিত একটি প্রাণী। অনেকের বাসায় পোষা বিড়ালও আছে। ছোট্ট এই প্রাণীটিকে নিয়ে আছে অনেক মজার তথ্য। চলো, জেনে নিই তার মধ্যে কয়েকটি।
সামনে ৫, পেছনে ৪
বিড়ালের সামনের দুই পায়ে ৫টি করে আঙুল থাকে। আর পেছনের দুই পায়ে থাকে ৪টি করে আঙুল।
‘মিঁয়াও’ কেন বলে
বিড়াল মানুষকে ডাকতে বা নিজের কথা বোঝাতে ‘মিঁয়াও’ শব্দ করে। মজার বিষয় হলো, তারা অন্য বিড়ালের সঙ্গে সাধারণত এভাবে কথা বলে না।
মিষ্টি খেতে ভালো লাগে না
বিড়াল মিষ্টির স্বাদ ঠিকমতো বুঝতে পারে না। তাই মিষ্টি খাবারের প্রতি তাদের তেমন আগ্রহও নেই।
ঘুমাতে খুব ভালোবাসে
একটি বড় বিড়াল তার জীবনের প্রায় ৭০ শতাংশ সময় ঘুমিয়ে কাটায়। তাই বিড়ালকে সব সময় ঘুমাতে দেখলে অবাক হওয়ার কিছু নেই!
