দেশে বিচারের মুখোমুখি হতে চান সাকিব

আইনগতভাবে আসতে হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০১:২৬ এএম

দেশে ফিরতে চান জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। ফিরে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে চান তিনি। আর চান একটি বিদায়ী সিরিজ খেলতে।

নয়াদিল্লি থেকে রয়টার্সের করা এক প্রতিবেদন অনুযায়ী, সাকিব শ্রীলঙ্কা থেকে ফোনে বার্তা সংস্থাটিকে বলেন, ‘সরকারের কাছ থেকে যদি এই মর্মে আশ্বাস পাই যে, আমার নিরাপত্তা নিশ্চিত করা হবে, তবে আমি সানন্দে ফিরে যেতে, আদালতে বিচারের মুখোমুখি হতে এবং যা করা প্রয়োজন তা করতে প্রস্তুত।’ সাকিব বর্তমানে সেখানে ফ্র্যাঞ্চইজি ক্রিকেট খেলছেন।

সাকিব জানান, দেশে একটি বিদায়ী সিরিজ খেলা এবং ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করার আশা তিনি এখনো পোষণ করেন।

৩৯ বছর বয়সি এই ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নেননি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ থেকে নির্বাচিত সাবেক এই সংসদ সদস্য ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর থেকে সপরিবারে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। গত ৫ আগস্ট শেখ হাসিনার জন্য নয়াদিল্লিভিত্তিক দক্ষিণ এশিয়া ফরেন করেসপন্ডেন্টস ক্লাব আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাকিব ভার্চুয়ালি যোগ দেন।

২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে শেখ হাসিনাকে ঢাকার আন্তর্জাতিক অপরাধ আদালত মৃত্যুদ- দিয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, গণঅভ্যুত্থানের সময় বাংলাদেশে প্রায় ১ হাজার ৪০০ মানুষের প্রাণহানি হয়েছে।

সাকিব জানান, তার বিরুদ্ধে বর্তমানে দুটি মামলা সক্রিয় রয়েছে। একটি অভ্যুত্থানের সময় আন্দোলনকারীকে হত্যার অভিযোগ এবং অন্যটি দুর্নীতি দমন কমিশনের আনা দুর্নীতির মামলা। ‘কোনো অপরাধ করেননি’ এমন দাবি করে তিনি বলেন, আত্মপক্ষ সমর্থনের জন্য তিনি এখনও কোনো আইনজীবী নিয়োগ করেননি।

তিনি আরও জানান, মামলার তদন্ত চলার সময় দেড় বছর ধরে তার ব্যাংক হিসাব জব্দ রাখা হয়েছে। তবে তিনি ব্যাংকগুলোর নাম বা আটকে থাকা অর্থের পরিমাণ জানাতে রাজি হননি।  

ক্রিকেট প্রসঙ্গে সাকিব জানান, অবসরের জন্য তিনি খুব বেশি দিন অপেক্ষা করবেন না। তিনি বলেন, ‘আমি বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছি। আমি ভালো অনুভব করছি। খেলাটা এখনও উপভোগ করছি; ভালো খেলছিও। কিন্তু এই মুহূর্তে বয়স আমার পক্ষে নেই। তাই আমি খুব বেশি দিন অপেক্ষা করতে পারব না।’

সাকিব বলেন, তিনি অবিলম্বে দেশে ফিরতে চান; তবে তা সম্ভব না হলে শেখ হাসিনার সঙ্গে আগামী ডিসেম্বরে দেশে ফেরার চেষ্টা করবেন।

জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়কের স্বাভাবিক প্রক্রিয়ায় দেশের ফেরার সুযোগ নেই বলে মনে করেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। গতকাল শুক্রবার তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা অনেক নমনীয়, অনেক সহনশীলভাবেই জিনিসটাকে দেখছিলাম। এরপর আর মনে হয় না যে, ওইভাবে চিন্তা করার সুযোগ আছে।’

আইনি প্রক্রিয়ার মাধ্যমে সাকিবকে দেশে ফিরতে হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘যে স্বৈরাচারের স্টেজে উঠেছে, তার তো আর আসার সুযোগ আছে বলে মনে হয় না। একজন খেলোয়াড় হিসেবে যেটা আমরা চিন্তা করছিলাম; আমরা নমনীয় ছিলাম। এখন আর কোনো সুযোগ নেই। সে যদি আসে, তাহলে আইনগতভাবে আসবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত