বছরের সেরা সিনেমা ‘স্পাইডার-ম্যান’!

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০৫:৫৯ পিএম

বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ এখন বছরের অন্যতম আলোচিত সিনেমায় পরিণত হয়েছে। উত্তর আমেরিকাসহ বিশ্বজুড়ে ছবিটির আয় ১ বিলিয়ন ডলার ছুঁয়েছে বলেও জানা গেছে। 

মুক্তির  প্রথমদিন থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে টম হল্যান্ড অভিনীত ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। এবার নতুন এক রেকর্ড গড়েছে সিনেমাটি। উত্তর আমেরিকার বক্স অফিসে মাত্র সাত দিনেই ৫০০ মিলিয়ন ডলারের মাইলফলক পেরিয়েছে ছবিটি। বাংলাদেশি টাকায় এটি প্রায় ৬ হাজার কোটি টাকা। এই আয় উত্তর আমেরিকার বক্স অফিস ইতিহাসে সবচেয়ে দ্রুত এই অঙ্কে পৌঁছানোর রেকর্ড। 

এক প্রতিবেদনে ডেডলাইন জনিয়েছে, এর আগে এই রেকর্ডের মালিক ছিল মার্ভেল স্টুডিওসের ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। ২০১৯ সালে মুক্তির পর আট দিনে উত্তর আমেরিকার বক্স অফিসে ৫০০ মিলিয়ন ডলার আয় করেছিল সিনেমাটি। এবার এক দিন কম সময়ে সেই রেকর্ড ভেঙে দিল ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। 

টম হল্যান্ড ও জেনডায়া অভিনীত সিনেমাটি উত্তর আমেরিকার বক্স অফিসে ৫০০ মিলিয়ন ডলারের বেশি আয় করা ২৩তম সিনেমা হিসেবে তালিকায় জায়গা করে নিয়েছে। এ তালিকার শীর্ষে রয়েছে ২০১৫ সালের ‘স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়েকেন্স’। উত্তর আমেরিকায় এ ছবিটির মোট আয় ৯৩৬ দশমিক ৬ মিলিয়ন ডলার। 

‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর আগের সিনেমা ‘স্পাইডার-ম্যান: নো ওয়েই হোম’ ২০২১ সালে মুক্তির পর উত্তর আমেরিকার বক্স অফিসে ৫০০ মিলিয়ন ডলারের মাইলফলক ছুঁতে ১২ দিন সময় নিয়েছিল। ফলে নতুন সিনেমাটির সাত দিনের এই অর্জনকে বড় সাফল্য হিসেবেই দেখা হচ্ছে। 

ডেডলাইনের তথ্য অনুযায়ী, বুধবার এক দিনেই সিনেমাটি উত্তর আমেরিকায় ৩২ দশমিক ৭ মিলিয়ন ডলার আয় করেছে। নন-ওপেনিং সিনেমা হিসেবে এটি উত্তর আমেরিকার বক্স অফিসে কোনো বুধবারে দ্বিতীয় সর্বোচ্চ আয়। এ ক্ষেত্রে ২০১৫ সালের ‘স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়েকেন্স’ ৩৮ মিলিয়ন ডলার নিয়ে এখনো শীর্ষে রয়েছে। 

সপ্তাহের শেষদিকে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ উত্তর আমেরিকায় আরও প্রায় ২৭ মিলিয়ন ডলার বা তার বেশি আয় করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে সিনেমাটির মোট উত্তর আমেরিকান আয় আনুমানিক ৫০৮ দশমিক ৮ মিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। 

এদিকে চলতি সপ্তাহান্তেও সিনেমাটির বক্স অফিস দাপট অব্যাহত থাকার প্রত্যাশা রয়েছে। বিশেষ করে প্রিমিয়াম লার্জ ফরম্যাট ও আইম্যাক্স প্রদর্শনী যুক্ত হওয়ায় আয়ে আরও গতি আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত