নিউক্যাসল ইউনাইটেডের অনিচ্ছা সত্ত্বে ৭৫ মিলিয়ন পাউন্ডের ট্রান্সফার ফি-তে আর্সেনালে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গিমারায়েস। গানার্সদের সাথে চার বছরের চুক্তি স্বাক্ষর করেছেন ২৯ বছর বয়সী এই তারকা, যা পরবর্তীতে আরও এক বছর বাড়ানোর সুযোগ রয়েছে। গত বছর নিউকেসলকে ১৯৫৫ সালের পর প্রথম কোনো ট্রফি (কারাবাও কাপ) জেতানো অধিনায়ক গিমারেস স্পষ্ট জানান যে, প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনালে যোগ দিয়ে নতুন ট্রফি জয় ও ইতিহাস তৈরি করাই এখন তাঁর মূল লক্ষ্য।
আর্সেনালের স্পোর্টিং ডিরেক্টর আন্দ্রেয়া বার্তা এবং কোচ মিকেল আরতেতার সাথে আলোচনার পরই এই সিদ্ধান্ত নেন গিমারেস। আর্সেনালের অফিশিয়াল ওয়েবসাইটে তিনি বলেন, "বার্তা এবং মিকেলের সাথে প্রথম কথা বলার পর থেকেই আমি শিহরিত ছিলাম। হৃদয়ের গভীর থেকে অনুভব করছিলাম যে জীবনে একটি নতুন চ্যালেঞ্জ দরকার। দুটি বিশ্বকাপ খেলার পর ক্যারিয়ারের এমন এক পর্যায়ে এসেছি যেখানে বড় ট্রফি জেতার লক্ষ্য নিয়ে এগোতে চাই। ইতিহাস গড়ার জন্য আর্সেনালই সঠিক জায়গা।"
ডিফেন্সিভ মিডফিল্ডের পাশাপাশি 'বক্স-টু-বক্স' রোল সামলাতে অভ্যস্ত গিমারেসের আগমনে আর্সেনালের মাঝমাঠের শক্তি বহুগুণ বৃদ্ধি পাবে। ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর আন্দ্রেয়া বার্তা জানান, গিমারায়েসের উপস্থিতি ডেক্লান রাইস, মার্টিন ওডেগার্ড, মার্তিন সুবিমেন্দি ও মিকেল মেরিনোদের নিয়ে গঠিত বিশ্বমানের মিডফিল্ডকে আরও প্রতিদ্বন্দ্বীতামূলক করবে।
ডেক্লান রাইস ইতিমধ্যে তাঁকে স্বাগত জানিয়ে একটি মজার বার্তা পাঠিয়েছেন, "এখানে চলে এসো, আশা করি আমাদের মধ্যে আর কোনো লড়াই হবে না, এখন থেকে আমরা বন্ধু!"
নিউক্যাসলের স্পোর্টিং ডিরেক্টর রস উইলসন বিষয়টি নিশ্চিত করে জানান, গিমারায়েসকে বিক্রি করা ক্লাবের গ্রীষ্মকালীন পরিকল্পনায় ছিল না। তবে খেলোয়াড়ের নিজের অনিচ্ছা ও আবেগঘন অনুরোধের কারণেই তাঁকে ছাড়তে বাধ্য হয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
আলভারেজকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন সিমেওনে