জেআইসি সেল পরিদর্শন ট্রাইব্যুনাল বিচারকদের

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০৬:৪১ এএম

ঢাকা সেনানিবাসে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) কমপ্লেক্সে থাকা জয়েন্ট ইন্টারোগেশন সেল (জেআইসি) পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর তিন বিচারক। তারা হলেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। তাদের সঙ্গে ছিলেন ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম, সাংবাদিক, মানবাধিকারকর্মী ও ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার আসামিপক্ষের আইনজীবীরা। বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত তারা আওয়ামী লীগ সরকারের সময় ‘আয়নাঘর খ্যাত’ জেআইসি সেল পরিদর্শন করেন। এর আগে গত ১ আগস্ট (শনিবার) আওয়ামী লীগ সরকারের আমলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) পরিচালিত ‘আয়নাঘর’ বা ‘গোপন বন্দিশালা’ পরিদর্শন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর তিন বিচারক।

গতকাল জেআইসি সেল পরিদর্শন শেষে চিফ প্রসিকিউটর মো. আমিনুল সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, “বিচারের অংশ হিসেবে আমরা জেআইসি সেল পরিদর্শন করেছি। এই জেআইসি নামক প্রতিষ্ঠানটি ছিল মানুষকে ধরে এনে বন্দি করে রেখে তাদের ওপর অত্যাচার ও নির্যাতনের একটা সেল। যেটা পরবর্তী সময়ে ‘আয়নাঘর’ হিসেবে পরিচিতি পেয়েছে। সেখানে বন্দিদের ধরে এনে অমানবিকভাবে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর রাখা হয়েছে। সেই নির্মম চিত্র আজকে এই পরিদর্শনের মধ্য দিয়ে কিছুটা অনুভব করা গেছে।” 

তিনি বলেন, ‘এক-এগারোর সময় আজকের প্রধানমন্ত্রী তারেক রহমানকে তারই কোনো একটি কামরায় আনা হয়। তার ওপর নির্যাতন করা হয়েছিল, এটাও কিন্তু আমাদের তদন্তে বিভিন্ন সাক্ষীদের মুখের বর্ণনা থেকে পাওয়া গেছে। পর্যায়ক্রমে এগুলো বিচারে রিফ্লেকশন হবে।’

জেআইসিতে ২৬টি সেল ছিল এবং ২০২৪ সালের ৫ আগস্টের পর জেআইসিতে প্রমাণের আলামত নষ্টের অভিযোগ করেন চিফ প্রসিকিউটর। ক্ষমতাচ্যুৎ শেখ হাসিনার শাসনামলে একটি অমানবিক রাষ্ট্র কায়েম করা হয়েছিল উল্লেখ করে আমিনুল ইসলাম বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সংখ্যক অতি উৎসাহী সদস্য সরকারের কিছু অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এই আয়নাঘরনামীয় টর্চার সেলগুলো বাংলাদেশে প্রতিষ্ঠা করেছিলেন।’

পরিদর্শনের সময় ছিলেন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সভাপতি, দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, ল রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) সভাপতি মো. ইয়াসিন, সাধারণ সম্পাদক আরাফাত মুন্না, সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিম, কার্যনির্বাহী সদস্য মাজহারুল হক মান্না প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত