বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে অজিদের ব্যাটিং অর্ডারে এক বড় পরীক্ষা দিতে যাচ্ছেন অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। আগামী ১৩ আগস্ট ডারউইনে প্রথম টেস্ট দিয়ে শুরু হতে যাওয়া দুই ম্যাচের এই সিরিজে অস্ট্রেলিয়া একাদশের খালি থাকা পাঁচ নম্বর পজিশনটিতে গ্রিনকেই সবচেয়ে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করছেন দলের প্রধান কোচ ও নির্বাচক অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।
ঘোষিত ১৩ সদস্যের অজি স্কোয়াডে ৩০ বছর বয়সের নিচে একমাত্র ক্রিকেটার এই তরুণ অলরাউন্ডার। ২০২০ সালে অভিষেকের পর এখন পর্যন্ত ৩৭টি টেস্ট ম্যাচ খেলে ফেলা গ্রিনকে ক্যারিয়ার জুড়ে নিয়মিত ব্যাটিং অর্ডার বদলাতে হয়েছে। ৩ থেকে ৭ নম্বরের নানা পজিশনে ব্যাট করার ইতিহাস থাকলেও বাংলাদেশের বিরুদ্ধে তার মূল কাজ হবে মিডল অর্ডার সামলানো।
সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ কিংবা আইপিএলে প্রত্যাশা অনুযায়ী না হাসলেও লাল বলের ক্রিকেটে গ্রিনের সামর্থ্য নিয়ে কোনো সংশয় নেই ম্যাকডোনাল্ডের। গত মার্চে সিডনিতে চমৎকার সেঞ্চুরির কথা উল্লেখ করে অস্ট্রেলীয় এই প্রধান কোচ বলেন, “আমরা মনে করি ক্যাম গ্রিন অবিশ্বাস্য দক্ষতার একজন ক্রিকেটার। অনেক সময়ই তার পারফরম্যান্সকে সঠিক প্রেক্ষাপট ছাড়া বিচার করা হয়েছে। ব্যাটিংয়ের জন্য বেশ কঠিন কিছু কন্ডিশনেও দলের প্রথম সারির সাত ব্যাটারের মতো তার গুরুত্বপূর্ণ অবদান ছিল।”
ক্যারিয়ারে বারবার ব্যাটিং পজিশন পরিবর্তনের ব্যাখ্যা দিয়ে ম্যাকডোনাল্ড যোগ করেন, “সে ৩ থেকে ৭—প্রায় সব পজিশনেই খেলেছে। এটা মূলত তার তৎকালীন ফর্ম ও দলের কম্বিনেশন মেলানোর প্রয়োজনেই হয়েছে।”
গ্রিন মূলত অলরাউন্ডার হলেও প্রথম একাদশে তাকে একজন খাঁটি ব্যাটার হিসেবেই দেখার পক্ষপাতী টিম ম্যানেজমেন্ট। তার বোলিংকে বাড়তি সুবিধা হিসেবে দেখলেও ব্যাটিংকেই মূল মাপকাঠি মানছেন অস্ট্রেলিয়ান কোচ।
ম্যাকডোনাল্ড স্পষ্ট করে বলেন, “টপ সিক্স বা সেভেনের মধ্যে থাকা একজন অলরাউন্ডারের প্রথম কাজই হলো রান করা। বোলিংটা সেখানে বাড়তি একটি অস্ত্র, যা দলের ইমপ্যাক্ট বাড়াতে সাহায্য করে। হাতে বিকল্প বোলার থাকা অবশ্যই স্বস্তির, তবে বাংলাদেশে টেস্টের সেরা একাদশ গড়ার ক্ষেত্রে আমাদের প্রধান লক্ষ্য থাকবে বোর্ডে পর্যাপ্ত রান নিশ্চিত করা।”
ডারউইনে প্রথম টেস্টের লড়াই শুরু হওয়ার আগে ব্যাক-আপ বোলিংয়ের সুবিধা থাকলেও গ্রিনের জায়গা পাকাপোক্ত হবে মূলত ব্যাট হাতে কত রান তুলে দিতে পারছেন তার ওপরই।
অস্ট্রেলিয়া কঠিন প্রতিপক্ষ, তবে আমরা সেরাটা দেব: তাসকিন