বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ঢাকায় গত ২৪ ঘণ্টায় তিনটি বৈঠক শেষে সোমবার (১০ আগস্ট) নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
দুই প্রতিবেশী দেশের সম্পর্ককে গঠনমূলকভাবে এগিয়ে নেওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে এই বৈঠকগুলোকে পারস্পরিক আলোচনার ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে।
এর আগে রবিবার (৯ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন ‘পদ্মা’য় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন তিনি। এ ছাড়া একই দিন সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন।
কূটনৈতিক সূত্র জানিয়েছে, তিনি (সোমবার) ঢাকা থেকে নয়াদিল্লির উদ্দেশে রওনা হয়েছেন। কোনো বিস্তারিত ব্যাখ্যা না দিয়েই সূত্রটি আরও উল্লেখ করে যে, এই সফরটি ছিল ‘পূর্বপরিকল্পিত'।
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় দীনেশ ত্রিবেদী তারেক রহমানের কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা পৌঁছে দেন এবং বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী’ মনোভাব নিয়ে একত্রে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন। তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং জনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনের সঙ্গে বৈঠকে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়- যার মধ্যে রয়েছে দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার উপায়-নিয়েও আলোচনা করেন।
হাইকমিশনার পারস্পরিক স্বার্থ, পারস্পরিক সুবিধা এবং একে অপরের সংবেদনশীলতার বিষয়গুলোকে ভিত্তি করে সর্বক্ষেত্রে জনকেন্দ্রিক সহযোগিতা জোরদার করার বিষয়ে ভারতের আগ্রহের কথা ব্যক্ত করেন।
