এআইচালিত গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো তাদের নতুন প্রজন্মের বেজেলবিহীন কনসেপ্ট ফোন উন্মোচন করেছেন। যে ফোনে সত্যিকারের ০ মিমি ডিসপ্লে বেজেল।
স্মার্টফোন নির্মাতারা অনেক বছর ধরে স্ক্রিনের বর্ডার পাতলা করার চেষ্টা করে আসছে, যাতে ফোনের আকার না বাড়িয়েই ব্যবহারকারীদের আরও বড় ও আকর্ষণীয় ডিসপ্লে দেওয়া যায়। টেকনোর সর্বশেষ কনসেপ্টটি এই ধারণাকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে। এতে ডিসপ্লের চারপাশের দৃশ্যমান কালো বর্ডার সরিয়ে দেওয়া হয়েছে, ফলে স্ক্রিনটি আরও প্রিমিয়াম ও ইমার্সিভ ভিজ্যুয়াল অভিজ্ঞতা তৈরি করে।
জিরো মিমি বেজেল আনতে টেকনোকে স্মার্টফোনের ভেতরের প্রচলিত নকশায় নতুনভাবে পরিবর্তন আনতে হয়েছে। ফোনের আকার ঠিক রেখে এজ-টু-এজ ডিসপ্লে দিতে টেকনো উন্নত কম্পোনেন্ট স্ট্যাকিং, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এবং নতুন স্ক্রিন-প্যাকেজিং কৌশল ব্যবহার করেছে।
এর ফলে ফোনে একটি সুন্দর অল-স্ক্রিন ডিজাইন তৈরি করা হয়েছে, যা ভিডিও দেখা, গেমিং, ছবি ব্রাউজ করা এবং কনটেন্ট দেখার মতো কাজগুলোকে আরও বেশি ইমারসিভ করে তোলার জন্য ডিজাইন করা হয়েছে। ফুল স্ক্রিন অভিজ্ঞতা দিতে স্ক্রিনের সাইড বেশি কার্ভ করার বদলে, এই কনসেপ্টে সরাসরি স্ক্রিনের সীমানা কমিয়ে আনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সেপ্টেম্বরে বার্লিনে অনুষ্ঠিত আইএফএ ২০২৬-এ টেকনো কনসেপ্ট ফোনটি প্রদর্শন করবে বলে আশা করা হচ্ছে। সেখানে ফোনটির প্রযুক্তি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানা যাবে।