জরুরিভিত্তিতে আট কার্গো এলএনজি ক্রয় অনুমোদন

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০১:৫৯ এএম

সরকার দেশে জরুরি গ্যাসের চাহিদা পূরণের জন্য হংকং, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও চীনা কোম্পানির কাছ থেকে আট কার্গো এলএনজি ক্রয়ের প্রস্তাব অনুমোদন করেছে। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের পরিপ্রেক্ষিতে সৃষ্ট অস্থিতিশীল ভূরাজনৈতিক প্রেক্ষাপটে দেশে জরুরি গ্যাসের সংকট পূরণে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

গতকাল বুধবার অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী সরাসরি আন্তর্জাতিক ক্রয়ের এ অনুমোদন দেওয়া হয়। সংশ্লিষ্টরা জানান, অনুমোদিত ওই আট কার্গো গ্যাস আমদানি হলে দেশে এক মাসের এলএনজি চাহিদা পূরণে সক্ষম হবে সরকার।

কমিটিতে অনুমোদিত প্রস্তাব অনুযায়ী সরকার ২০৩৮ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের গুনভর ইউএসএ এলএলসি থেকে ১১৭ কার্গো এলএনজি ক্রয় করবে। এর মধ্যে ২০২৬ সালে ৫ কার্গো, ২০২৭ সালে ৬ কার্গো, ২০২৮ সালে ৩ কার্গো এবং পরবর্তী প্রতি বছর ১০ কার্গো করে এলএনজি ক্রয় করার বিষয় উল্লেখ রয়েছে। 

ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে অনুমোদিত অন্যান্য ক্রয়প্রস্তাবের মধ্যে রয়েছে ২০৯ কোটি ৬ লাখ ৩৯ হাজার টাকা ব্যয়ে সৌদি আরব থেকে ইউরিয়া সার আমদানি, মরক্কো থেকে ৪৪১ কোটি টাকার ডিএপি সার আমদানি, ২৫১ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে টিএসপি সার আমদানি, ৫১৫ কোটি ৪ লাখ টাকা ব্যয়ে ভিয়েতনাম থেকে ১ লাখ টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানি, ইন্দোনেশিয়া থেকে ১৫৭ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে ২৫ হাজার টন চিনি, ৭৮ কোটি ৯৬ লাখ টাকা মূল্যের ১০ হাজার টন মসুর ডাল এবং ২৮২ কোটি ৫০ লাখ টাকার ২ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল ক্রয়। এ ছাড়া স্থানীয়ভাবে ২ কোটি লিটার পরিশোধিত পাম অলিন (২ লিটার পেট বোতলে) ক্রয়ের প্রস্তাব অনুমোদিত হয়েছে।

কমিটির বৈঠকে চট্টগ্রাম কাস্টমস হাউজে বিদ্যমান মডুলার ডেটা সেন্টার (এসডিসি), লোকাল এরিয়া নেটওয়ার্ক, নেটওয়ার্ক অবকাঠামো এবং আইটি সংশ্লিষ্ট অবকাঠামো স্থানান্তর, পুনঃস্থাপন ও কমিশনিং নিশ্চিতকরণের জন্য আট কোটি ৬৮ লাখ টাকার প্রযুক্তি ও পরামর্শক চুক্তিমূল্য সংশোধন করে ১০ কোটি ৯২ লাখ টাকায় উন্নীত করার প্রস্তাবটিও অনুমোদন দেওয়া হয়েছে। এখানে ব্যয় বেড়েছে ২ কোটি ২৩ লাখ টাকা। 

এ ছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সামাজিক সুরক্ষা শক্তিশালীকরন প্রকল্পের আওতায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের জন্য সরাসরি ক্রয়পদ্ধতিতে অ্যান্ড্রয়েড ট্যাব কিনতে ৩২০ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ের প্রস্তাবটিও অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি।

এর বাইরে বিআইডব্লিউটিএ কর্তৃক বাস্তবায়নাধীন ‘জিনাই, ঘাঘট, বংশী এবং নাগদা নদীর প্রবাহ পুনরুদ্ধারের জন্য শুষ্ক মৌসুমে নদীর প্রবাহ নিশ্চিতকরণ, নৌপথের উন্নয়ন ও বন্যা ব্যবস্থাপনা’ শীর্ষক প্রকল্পের অধীন মোট ২৫টি প্যাকেজের আওতায় ‘জিনাই, সুতিয়া ও কাঁচামাটিয়া নদীর খননসহ আনুষঙ্গিক কাজ’ সরাসরি ক্রয়পদ্ধতিতে সম্পন্ন করতে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। তবে ঘোড়াশাল পলাশ সার কারখানায় নিরবচ্ছিন্ন উৎপাদন অব্যাহত রাখতে এক বছরের জন্য কারিগরি পরামর্শক সেবা কিনতে শিল্প মন্ত্রণালয়ের একটি প্রস্তাব ক্রয় কমিটির সভার অলোচ্যসূচি থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত