যুব দিবসে তথ্যমন্ত্রী

প্রযুক্তির যুগে তরুণরাই সভ্যতার মূল চালিকাশক্তি

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০২:০১ এএম

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির যুগে তরুণ সমাজই নতুন সভ্যতার মূল চালিকাশক্তি। তাই তরুণদের হাতে সঠিক জ্ঞান ও দক্ষতা তুলে দেওয়া প্রতিটি রাষ্ট্রের কর্তব্য। গতকাল বুধবার ‘আন্তর্জাতিক যুব দিবস ২০২৬’ উপলক্ষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘২০২৬-ডিফরেন্ট কনটেক্সটস, কমন অ্যাসপিরেশনস’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

তরুণদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ করে তথ্য মন্ত্রী বলেন, ‘কর্মসংস্থান, খাদ্য নিরাপত্তা, প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের মতো পুরনো সমস্যার সঙ্গে প্রযুক্তি ভিত্তিক নানা নতুন সংকট যুক্ত হচ্ছে। তবে তরুণদের এই নতুন প্রযুক্তি নির্ভর জ্ঞান দেওয়ার উপযুক্ত প্রাতিষ্ঠানিক ব্যবস্থা এখনো বৈশ্বিকভাবে পূর্ণাঙ্গ রূপ পায়নি। জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে তরুণদের কেন্দ্র করে এই নতুন জ্ঞানের রূপান্তর ও দক্ষতা অর্জনের প্রক্রিয়ায় মূল নজর দিতে হবে।’

তথ্য মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন পদক্ষেপে প্রমাণ করেছেন যে, তিনি তরুণ সমাজের সক্ষমতার ওপর পূর্ণ আস্থা রাখেন। ক্রীড়ার প্রসার, সৃজনশীলতার বিকাশ এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের সম্পৃক্ত করতে সরকার ইতিবাচক ও সুদূরপ্রসারী সিদ্ধান্ত গ্রহণ করছে।’

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত