মোহাম্মদপুরে এখন কিশোর গ্যাং সক্রিয় নেই : র‌্যাব

আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ০৭:২০ এএম

রাজধানীর মোহাম্মদপুরে বর্তমানে কোনো কিশোর গ্যাং সক্রিয় নেই। অভিযান চালিয়ে গ্যাংগুলোকে নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন র‌্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান। গতকাল শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এমনটি দাবি করেন।

তিনি বলেন, আমরা গডফাদারদের গ্রেপ্তার করছি। খুব বেশি নিচের সারির সদস্য বা ছোটখাটো গ্রুপগুলোর দিকে হাত দিচ্ছি না। গডফাদারদের গ্রেপ্তার করার ফলে মোহাম্মদপুর আগের তুলনায় অনেকটা স্থিতিশীল হয়েছে। আশা করি, অদূর ভবিষ্যতে মোহাম্মদপুর আরও নিরাপদ ও বসবাসের উপযোগী হবে। সবাই নিরাপদে মোহাম্মদপুরে বসবাস করতে পারবেন। তিনি বলেন, মোহাম্মদপুরকে ‘সিটি অব গডস’ হিসেবে যে হাইপ তৈরি করা হয়েছে, সেটি মূলত একটি ধারণা। মোহাম্মদপুরকে সেই ধারণা থেকে বের করে আনার চেষ্টা করছি। এরই মধ্যে অনেকটা সফল হয়েছি। নিকট ভবিষ্যতে মোহাম্মদপুর থেকে গ্যাং ও সন্ত্রাসী তৎপরতা পুরোপুরি নির্মূল করতে পারব বলে আশা করি। বখাটে ও সন্ত্রাসমুক্ত করতে যে অভিযান চলছে, একইভাবে পুরো নগরকেই নিরাপদ ও অপরাধমুক্ত করার চেষ্টা করা হচ্ছে।

এলেক্স ইমন হত্যায় গ্রেপ্তার পাঁচ : এ এলাকার আলোচিত কিশোর গ্যাং লিডার এলেক্স ইমন হত্যা মামলার অন্যতম আসামি জহিরুল ইসলাম রিপোল ওরফে বিপুলসহ পাঁচজনকে গ্রেপ্তারের তথ্যও জানায় র‌্যাব। গ্রেপ্তাররা হলো জহিরুল ইসলাম রিপোল ওরফে বিপুল, হৃদয় (২৩), সুজন (২২), সোহেল ওরফে চায়না সোহেল (২৬) ও রাব্বি ওরফে পিঞ্জিরা রাব্বী (২২)। মোহাম্মদপুর ও কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তারের সময় দুটি বিদেশি পিস্তল, একটি একনলা বন্দুক, ছয় রাউন্ড গুলি ও সাতটি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

র‌্যাব-২ অধিনায়ক বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। জহিরুল ইসলাম রিপোল ওরফে বিপুলের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় হত্যা, দস্যুতা, মাদক ও দ্রুত বিচার আইনে পাঁচটি এবং কিশোরগঞ্জের ইটনা থানায় চুরি, হত্যাচেষ্টা ও ভয়ভীতি প্রদর্শনের একটি মামলা রয়েছে। সুজনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় দস্যুতা ও ডাকাতির প্রস্তুতির সাতটি এবং ফরিদপুরের ভাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা রয়েছে। সোহেল ওরফে চায়না সোহেলের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় দস্যুতা, চুরি, হত্যাচেষ্টা ও ভয়ভীতি প্রদর্শনের চারটি মামলা রয়েছে। এ ছাড়া হৃদয়ের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় দস্যুতা ও খুনের দুটি এবং ইটনা থানায় চুরি, দস্যুতা, হত্যাচেষ্টা ও ভয়ভীতি প্রদর্শনের একটি মামলা রয়েছে। রাব্বি ওরফে পিঞ্জিরা রাব্বীর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য আইনে একটি, দ্রুত বিচার আইনে একটি এবং হত্যা, হত্যাচেষ্টা ও ভয়ভীতি প্রদর্শনের দুটি মামলা রয়েছে।

তবে এ হত্যাকা-ের পেছনে কারা জড়িত, সে বিষয়ে জানতে চাইলে র‌্যাব-২ অধিনায়ক বলেন, এটি তদন্তকারী কর্মকর্তা বলতে পারবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত