কৃষক দল নেতার বাড়িতে হামলা, দুই নারীসহ আহত ৫

আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ০৭:২০ এএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পূর্ববিরোধের জেরে ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান শিকারীর নেতৃত্বে ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব বেলায়েত হোসেনের বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুই নারীসহ পাঁচজন আহত হয়েছেন। একই সঙ্গে বাড়ি থেকে স্বর্ণালংকার ও টাকা নিয়ে যাওয়ারও অভিযোগ করেছেন ভুক্তভোগী আমির হোসেন। আহত লাকি ও রাহিমাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গহরদী এলাকায় এ ঘটনা ঘটে।

বেলায়েত হোসেন বলেন, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শাহজাহান, নুর মোহাম্মদসহ কয়েকজনের সঙ্গে তাদের বিরোধ চলছিল। এই নিয়ে গত মঙ্গলবার প্রথমে বিএনপি নেতা শাহজাহানের লোকজন তার (বেলায়েত) ভাই দেলোয়ারকে মারধর এবং মামলা দিয়ে বাড়ি ছাড়া করে। এই সুযোগে শুক্রবার বেলা ১১টায় মাহমুদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান শিকারীর নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে মাহমুদপুর ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব বেলায়েত, তার ভাই আমির হোসেন ও দেলোয়ার হোসেনের বাড়িতে হামলা করে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। এতে নারীসহ পাঁচজন আহত হয়। আহতদের মধ্যে দুজনকে ঢাকায় এবং বাকিদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

বেলায়েত হোসেনের অভিযোগ, হামলাকারীরা বাড়ির বিভিন্ন মালামাল ভাঙচুর করে প্রায় ২ লাখ টাকার ক্ষতি করেন। এ ছাড়া কাঠ ও স্টিলের আলমারি ভেঙে বিভিন্ন ঘর থেকে আনুমানিক তিন ভরি স্বর্ণ ও নগদ ১০ লাখ টাকা নিয়ে যান। ঘটনার পরও অভিযুক্ত ব্যক্তিরা ধারালো অস্ত্র নিয়ে এলাকায় মহড়া এবং হামলা ও হত্যার হুমকি দিচ্ছেন। এই ঘটনায় কৃষক দল নেতার ভাই আমির হোসেন বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।

বিএনপি নেতা শাহজাহান শিকারী অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি হামলার সঙ্গে জড়িত নন।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) রিপন কুমার জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত