নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মাণাধীন ভবনে ছাদ দেওয়াকে কেন্দ্র করে নাছিমা বেগম (৫২) নামে এক নারীকে রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার দেবর ও স্বজনদের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ নিহতের দেবর আলাউদ্দিন মিজি ওরফে আলাল (৪৫), তার স্ত্রী জোসনা খাতুন (৪০) ও মেয়ের জামাই শাকিল খান (৩০)কে গ্রেপ্তার করেছে। নিহত নাছিমা বেগম ওই এলাকার বাবু মিজির স্ত্রী।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাবু মিজির বাড়িতে দোতলা ভবনের ছাদ দেওয়ার কাজ চলছিল। নির্মাণাধীন ভবনের ছাদের কিছু অংশ তার জমির সীমানায় পড়েছে এমন দাবি করে বাবুর ছোট ভাই আলাউদ্দিন মিজি ওরফে আলাল নির্মাণকাজে বাধা দেন। এ নিয়ে বাবু মিজি ও তার স্ত্রী নাছিমা বেগমের সঙ্গে আলাউদ্দিনের কথাকাটাকাটি ও বাগবিতণ্ডা শুরু হয়।
বিতর্কের একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তখন আলাউদ্দিন, তার স্ত্রী জোসনা খাতুন ও মেয়ের জামাই শাকিল খান নাছিমা বেগমকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন বলে অভিযোগ করেন নিহতের স্বজনরা। মারধরের ঘটনায় নাছিমার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে এবং তিনি ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়ে যান। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা নাছিমা বেগমকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাছিমার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযুক্ত আলাউদ্দিন মিজি, তার স্ত্রী জোসনা খাতুন ও মেয়ের জামাই শাকিল খানকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম সালাউদ্দিন জানান, ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।