স্পেনে অনুপ্রবেশের চেষ্টা, মরক্কোতে আটক কয়েক ডজন অভিবাসী

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০১:২৭ পিএম

শনিবার (১৫ আগস্ট) স্পেনের উত্তর আফ্রিকান ভূখণ্ড সেউতায় সীমান্ত পেরিয়ে প্রবেশের চেষ্টাকারী কয়েক ডজন মানুষকে আটক করেছে মরক্কোর পুলিশ। জার্মান বার্তা সংস্থা ডয়চে ভেলে এ তথ্য নিশ্চিত করেছে। 

দুই সপ্তাহ আগে প্রায় ৭২ হাজার অভিবাসী সেউতায় ঢুকে পড়ার পর নতুন করে এই প্রবেশের চেষ্টা হলো। ওই ঘটনায় স্পেনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অন্যান্য দেশের মধ্যে টানাপোড়েন তৈরি হয়।

অভিযানের বিষয়ে অবগত নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘সেউতার দিকে অনিয়মিত অভিবাসনের চেষ্টা ঠেকাতে এটি একটি নিয়মিত অভিযান।’

রয়টার্সকে এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, সাব-সাহারান আফ্রিকার দেশগুলো থেকে আসা বেশিরভাগসহ ১০০ জনের বেশি অভিবাসীকে সেউতার সীমান্তবর্তী মরক্কোর শহর ফনিদেক ও এর আশপাশে আটকে দেওয়া হয়েছে। এদিকে মরক্কোর সংবাদমাধ্যম লে৩৬০ জানিয়েছে, ২৯৪ জনকে আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেউতা ও পূর্বদিকে অবস্থিত স্পেনের আরেকটি ভূখণ্ড মেলিয়ার আশপাশে মরক্কোর ব্যাপক নিরাপত্তা উপস্থিতি ছিল।

স্পেনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটিভিই জানিয়েছে, বিভিন্ন স্থানে অসংখ্য চেকপয়েন্ট বসানো হয়। উপকূলে টহল নৌযান মোতায়েনের পাশাপাশি সীমান্তে জলকামানও প্রস্তুত রাখা হয়েছিল।

স্পেনের সংবাদ সংস্থা এএফই ও আরটিভিই জানিয়েছে, মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিনিধি তাদের সাংবাদিকদের কোনো কারণ না জানিয়েই ফনিদেক—স্প্যানিশ ভাষায় যা কাস্তেইয়োস নামে পরিচিত—এলাকা থেকে অবিলম্বে চলে যেতে নির্দেশ দেন। ওই মরক্কোর কর্মকর্তা বলেন, তিনি ‘নির্দেশনা অনুসরণ করছেন’।

এএফইর প্রেসিডেন্ট মিগেল অ্যাঞ্জেল অলিভার মরক্কোর কর্তৃপক্ষকে স্বাধীন, ‘দায়িত্বশীল ও নিরপেক্ষ’ সাংবাদিকতা চর্চার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন।

আরটিভিইর প্রেসিডেন্ট হোসে পাবলো লোপেজও মরক্কোর কর্তৃপক্ষের কাছে ‘পূর্ণ নিশ্চয়তা ও সর্বোচ্চ সম্মান’ দাবি করেছেন, যাতে তাদের সাংবাদিকেরা ‘সীমান্ত এলাকার যেকোনো স্থানে স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন’।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত