ঢাকা থেকে বরগুনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে পায়রা নদীতে গোসল করতে নেমে জুঁই নামে এক কিশোরী নিখোঁজ হয়েছে। রবিবার (১৬ আগস্ট) সকালে বরগুনা সদর উপজেলার লতাকাটা এলাকায় নদীতে গোসল করার সময় জোয়ারের তীব্র স্রোতে তলিয়ে যায় সে।
নিখোঁজ জুঁই (১৫) রাজধানীর মিরপুর এলাকার বাসিন্দা জনি চৌধুরী মেয়ে ও মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
স্বজনরা জানায়, ছুটিতে ঢাকা থেকে বরগুনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিল জুঁই। রবিবার সকালে স্বজনদের সঙ্গে পায়রা নদীতে গোসল করতে নামে সে। ভালো সাঁতার না জানায় একপর্যায়ে হঠাৎ জোয়ারের তীব্র স্রোতে নদীর গভীরে তলিয়ে যায় জুঁই। মুহূর্তেই মধ্যে স্বজনদের চোখের আড়ালে চলে যায় সে।
ঘটনার পর স্বজন ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে নদীতে নেমে জুঁইকে খুঁজতে শুরু করেন। দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। খবর পেয়ে বরগুনা ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
বরগুনা ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার মো. রুহুল আমিন বলেন, খবর পাওয়ার পরপরই আমাদের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। নদীর বিভিন্ন অংশে তল্লাশি চালানো হচ্ছে। এখনো নিখোঁজ কিশোরীর সন্ধান পাওয়া যায়নি। তাকে উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।