স্কুলে শিক্ষকদের অনুপস্থিতি

আন্দোলনে শিক্ষার্থীরা

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০৬:৫৭ এএম

বিদ্যালয়ে আসেন না শিক্ষকরা। আন্দোলনে নামল প্রাথমিকের শিশু শিক্ষার্থীরা। এমন ঘটনা ঘটেছে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের অববাহিকার চরাঞ্চলের খেওয়ার আলগার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। গতকাল সোমবার সকালে শিক্ষার্থীরা বিদ্যালয়ে গিয়ে সব কক্ষ বন্ধ দেখতে পায়। পরে তারা লাঠিসোঁটা হাতে আন্দোলনে নামে। এ সময় দলবদ্ধভাবে বন্ধ ক্লাসরুমের দরজায় তাদের লাথি মারতে দেখা যায়। শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষকরা ঠিকমতো স্কুলে আসেন না। সঠিক পাঠদান হয় না বিদ্যালয়টিতে। বিদ্যালয়টির পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সিয়াম, মাজেদুল, খাতুন, সামসুন্নাহার জানায়, শিক্ষকরা দিনের পর দিন স্কুলে আসেন না। সময়মতো পাঠদান হয় না। শিক্ষকরা যাতে নিয়মিত হয় সে লক্ষ্যে আজ আন্দোলনে নেমেছে তারা।

স্থানীয় বাসিন্দা আল আমিন জানান, দীর্ঘদিন থেকে বিদ্যালয়টির এমন অবস্থা। পাঁচজন শিক্ষকের কেউ নিয়মিত বিদ্যালয়ে আসেন না। বর্তমান প্রধান শিক্ষক ইসরাত জাহান দায়িত্ব নেওয়ার পর এমন অবস্থা হয়েছে। সোমবার শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছে। পরে  স্থানীয়রা গিয়ে শিক্ষার্থীদের শান্ত করেন।

খেয়ার আলগা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাত জাহানের মোবাইল ফোনে কয়েক দফা ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার সরকার জানান, বিযয়টি তার নজরে এসেছে।  শিক্ষকরা  কেন বিদ্যালয়ে গেলেন না, তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত