বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের সতর্কতা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ‘জাতিসংঘের প্রতিবেদন অনুমাননির্ভর। সুতরাং অনুমাননির্ভর কোনো প্রতিবেদনকে আমরা আমলে নিচ্ছি না। প্রতিবেদনটি পড়িনি। তবে পত্রিকার মাধ্যমে জেনেছেন। গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ উদ্বেগ প্রকাশ করেছে, ভারতীয় উপমহাদেশের আল-কায়েদা (একিউআইএস) সন্ত্রাসী সেল প্রতিষ্ঠার জন্য বাংলাদেশকে ব্যবহার করতে চাচ্ছে। এ বিষয়টি সরকার কীভাবে দেখছে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি শুনেছি, সেটি (জাতিসংঘের প্রতিবেদন) পড়িনি। ওখানে হয়তো কিছু পর্যবেক্ষণ দিতে পারে। আমি না দেখে বলতে পারব না।’ সরকার প্রতিবেদনটি আমলে নিচ্ছে কি না জানতে চাইলে সালাহউদ্দিন বলেন, ‘আমরা আমলে নিচ্ছি না। রিপোর্টও এখনো পড়িনি। তা ছাড়া পত্রিকা থেকে আমি যতটুকু শুনেছি, ওখানে বলা হয়েছে তারা অনুমান করেছে যে, এ রকম হতে পারে। অনুমাননির্ভর কোনো রিপোর্টের ওপর আমরা নির্ভর করতে পারি না বলেও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীকে অন্য কোনো দপ্তরে দেখা যাবে, এমন গুঞ্জন শোনা যাচ্ছে এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘আমিও গুঞ্জন শুনছি।’