চলতি বছরের প্রথম সাত মাসে দেশে ২৫৮ নারী ও ৮৩ কন্যাশিশু হত্যার শিকার হয়েছে বলে এক পরিসংখ্যানে তুলে ধরেছে বাংলাদেশ মহিলা পরিষদ। গত রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে এ তথ্য তুলে ধরা হয়। দেশের ১৪টি সংবাদপত্রের প্রতিবেদন থেকে তারা এ তথ্য সংকলন করেছে বলে গতকাল সোমবার সংবাদমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম জানান, গত সাত মাসে যে ৩৪১ নারী ও কন্যাশিশু হত্যার শিকার হয়েছে, তার মধ্যে ৬৩টি ঘটনা ধর্ষণ ও ধর্ষণ-পরবর্তী হত্যার সঙ্গে সম্পর্কিত। অন্যান্য হত্যাকান্ডের পেছনে জমিজমা, মামলা-মোকদ্দমা ও পারিবারিক বিরোধসহ বিভিন্ন কারণ রয়েছে। তিনি বলেন, দেশের সব সংবাদমাধ্যমের তথ্য পাওয়া গেলে নারীর প্রতি সহিংসতার প্রকৃত চিত্র আরও ভয়াবহ হতে পারে।
ফওজিয়া মোসলেম বলেন, নারীসহ সমাজের সব মানুষের মানবাধিকার নিশ্চিত করা এবং বৈষম্য দূর করতে কার্যকর উদ্যোগ নিতে হবে। নারীদের ভয় দেখিয়ে ঘরে ফেরানো যাবে না। নারীরা তাদের অধিকার আদায়ে সংগঠিত থাকবে। নারী হত্যা ও সহিংসতার বিরুদ্ধে আমরা সোচ্চার থাকব এবং এমন একটি সামাজিক ও রাষ্ট্রীয় পরিবেশ গড়ে তোলার জন্য কাজ করব, যেখানে নারীকে হত্যা, ধর্ষণ বা নির্যাতনের শিকার হতে হবে না।