অ্যাস্টন ভিলায় জাপানের সুজুকি, দিবু মার্তিনেজের কি হবে

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৫:০১ পিএম
পারমা থেকে ৩৫ মিলিয়ন ইউরো (প্রায় ৫০০ কোটি টাকা) খরচে জাপানি গোলরক্ষক যায়ন সুজুকিকে দলে ভিড়িয়েছে অ্যাস্টন ভিলা। বিশ্বকাপ খেলা ২৩ বছর বয়সী এই গোলরক্ষককে ২০৩১ সালের জুন চুক্তি করেছেন প্রিমিয়ার লিগের দলটি। তবে তাকে আনার সাথে জড়িয়ে গেছে অ্যাস্টন ভিলার ‘এক নম্বর’ গোলরক্ষক আর্জেন্টিনার এমিলিয়া ‘দিবু’ মার্তিনেজের ভবিষ্যৎ। অভিজ্ঞ এই আর্জেন্টাইন গোলরক্ষকের সাথে জুভেন্তাসের কথাবার্তা হলেও শেষপর্যন্ত সফল হয়নি দলবদলের বিষয়টি।  

ইতিহাসের অষ্টম সর্বকালের দামি গোলরক্ষক হিসেবে ভিলা পার্কে পা রাখা সুজুকি চলতি সপ্তাহের শুরুতে পিএসজিতে যোগ দেওয়ার কাছাকাছি পৌঁছেছিলেন। কিন্তু অতিরিক্ত এজেন্টের ফি দাবির কারণে পিএসজি পিছিয়ে আসলে অ্যাস্টন ভিলা সুযোগটি কাজে লাগায়।

আক্রমণ ও রক্ষণ উভয়ভাগ শক্তিশালী করতে একই দিনে আটলেতিকো মাদ্রিদ থেকে ১৮ মিলিয়ন ইউরোর বিনিময়ে ইতালিয়ান ২৪ বছর বয়সী লেফট-ব্যাক মাত্তেও রুগেরিকেও দলে অন্তর্ভুক্ত নিশ্চিত করেছে অ্যাস্টন ভিলা। প্রিমিয়ার লিগে চতুর্থ স্থানে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে অংশ নিতে যাওয়া ক্লাবটি মরগান রজার্স ও ইউরি তিলেমানসের দলবদলের ক্ষতি পুষিয়ে নিতে এরই মধ্যে তরুণ ফরোয়ার্ড জোহান মানজাম্বি এবং ধারে আলেহান্দ্রো গারনাচোকেও স্কোয়াডে যুক্ত করেছে।
 

দিবু মার্তিনেজ কি থাকবেন নাকি ছাড়বেন ক্লাব?


অ্যাস্টন ভিলার সাথে ২০২৯ সালের জুন পর্যন্ত চুক্তি থাকলেও, ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক নিজের ক্যারিয়ারে নতুন চ্যালেঞ্জ খুঁজছেন—এমন এক ক্লাব, যেখানে লিগ শিরোপা ও নিয়মিত চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ রয়েছে। তবে ভিলা পার্কে তার ছয় বছরের অধ্যায়ের ইতি টানার মুহূর্তটি এখন বেশ জটিল রূপ নিয়েছে।

জুভেন্তাস মার্তিনেজকে দলে নিতে দারুণ আগ্রহী ছিল। কোচ লুসিয়ান ফার্নান্দো স্পালেত্তির পছন্দের তালিকায় শীর্ষে ছিলেন তিনি। কিন্তু অ্যাস্টন ভিলার চাওয়া ১০ মিলিয়ন ইউরোর বিপরীতে ইতালিয়ান ক্লাবটি ৭ মিলিয়ন ইউরো এবং ৩ মিলিয়ন ইউরো অ্যাড-অন প্রস্তাব করে। এছাড়া বিশ্বকাপের ঠিক আগে আঙুলে পাওয়া চোটের কারণেও চুক্তিতে দ্বিধায় পড়ে জুভেন্তাস। শেষ পর্যন্ত তারা টটেনহ্যামের ইতালিয়ান গোলরক্ষক গুগলিয়েলমো ভিকারিওকে ধারে দলে ভিড়িয়ে মার্তিনেজের বিষয় থেকে সরে আসে।

বর্তমানে বাজারে মার্তিনেজের আনুমানিক মূল্য ১২ মিলিয়ন ইউরো হলেও ভিলা তাকে কিছুটা কম দামেও ছাড়তে প্রস্তুত। তবে নতুন সমস্যা হচ্ছে ইউরোপের শীর্ষ দলগুলোর স্কোয়াড প্রায় চূড়ান্ত। ভিকারিও জুভেন্টাসে যোগ দেওয়ায় গোলরক্ষকের ঘাটতি তৈরি হওয়া টটেনহ্যাম কি মার্তিনেজকে পেতে নতুন কোনো পদক্ষেপ নেবে? আগামী ১ সেপ্টেম্বর ইংলিশ দলবদলের ডেডলাইন শেষ হওয়ার আগে শেষ মুহূর্তে নতুন কোনো চমকপ্রদ ক্লাবের আগমন ঘটে কি না, সেটাই এখন দেখার বিষয়।
 
×
সর্বশেষ সর্বাধিক পঠিত