মাছরাঙা টেলিভিশনে নিয়মিত প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘মিডল ক্লাস ফ্যামিলি’ ছুঁতে যাচ্ছে সেঞ্চুরির মাইলফলক। প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টায় প্রচারিত এই ধারাবাহিকটির শততম পর্ব প্রচার হবে আজ।
আওরঙ্গজেবের রচনা এবং নজরুল ইসলাম রাজুর পরিচালনায় নির্মিত এই নাটকে উঠে এসেছে রাজধানী ঢাকা শহরের একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের হাসি-কান্না ও টানাপড়েনের বাস্তব গল্প।
ধারাবাহিকটির মূল গল্প গড়ে উঠেছে অবসরপ্রাপ্ত আদর্শ শিক্ষক জমিরউদ্দিন সরকারের পরিবারকে কেন্দ্র করে। পরিবারটিতে রয়েছে তার স্ত্রী, দুই ছেলে ও দুই স্বাধীনচেতা মেয়ে। বড় ছেলে মবিন শৃঙ্খল ভেঙে রাতারাতি ধনকুবের হতে চায়, অন্যদিকে ছোট ছেলে বাবার আদর্শকে আঁকড়ে ধরে বাঁচতে ভালোবাসে। মা সবাইকে স্নেহে আগলে রাখেন, আর বাবা স্বপ্ন দেখেন সন্তানদের প্রতিষ্ঠিত করে গ্রামে ফিরে যাওয়ার। কিন্তু বাস্তবতার জটিলতায় তা সহজ হয়ে ওঠে না।
নির্মাতা নজরুল ইসলাম রাজুর মতে, নাটকটিতে প্রতিটি মধ্যবিত্ত দর্শকে নিজেদের প্রতিচ্ছবি দেখতে পাবেন। এতে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, নাজিয়া হক অর্ষা, সায়েদ জামান শাওন, নাবিলা ইসলাম, নিশাত প্রিয়ম, নাদের চৌধুরী, মিলি বাসারসহ আরও অনেকে।