জাল নোট রাখার দায়ে দুই আসামির যাবজ্জীবন

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ০৯:১৫ পিএম

চট্টগ্রামে জাল নোট রাখার দায়ে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) চট্টগ্রাম মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-৮-এর বিচারক আফরোজা জেসমিন কলি এই রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কক্সবাজার জেলার চকরিয়া থানার দিগরপালখালী এলাকার মনোরঞ্জন ধরের ছেলে রাজীব ধর (৪৮) এবং পটিয়া থানার দক্ষিণ খোলাইন আমন্দর মাস্টারের বাড়ির মৃত আহম্মদ নবীর ছেলে মো. জসিম (৩৬)। 

আদালতের বেঞ্চ সহকারী নাঈম হোসেন জানান, রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না। তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার নথি থেকে জানা গেছে, ২০১৬ সালের ২৮ মে চট্টগ্রাম নগরের আমিন জুট মিল এলাকায় আজমীর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালায় পুলিশ। এ সময় রাজীব ধরের হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ১ হাজার ও ৫০০ টাকা মূল্যমানের মোট ৬ লাখ ৫০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। একই সময় রাজিবের সহযোগী জসীম উদ্দিনকেও গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় দুজনের বিরুদ্ধে  ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে পুলিশ। তদন্ত শেষে চার্জশিট আদালতে দাখিলের পর ২০১৭ সালের ১ মার্চ অভিযোগ গঠনের মাধ্যমে দুই আসামির বিচার শুরুর আদেশ দেন আদালত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত