নিজেদের বাড়ি, উঠান কিংবা ছাদে অন্তত একটি করে গাছ লাগানোর জন্য শিক্ষার্থীদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি উল্লেখ করেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের যে লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয়েছে, তা সফল করতে হলে দেশের সর্বস্তরের নাগরিককে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
সোমবার (২৪ আগস্ট) সকালে ঢাকা-১৬ আসনের অন্তর্ভুক্ত সেনানিবাস সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দিগুণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সরাসরি বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেন প্রতিমন্ত্রী।
কর্মসূচিতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমিনুল হক বলেন, ‘গাছ আমাদের বাঁচিয়ে রাখার জন্য মূল উপাদান অক্সিজেন সরবরাহ করে। তোমরা বাসায় ফিরে বাবা-মাকে বলবে, আজ আমিনুল আঙ্কেল এসে সবাইকে একটি করে গাছ লাগাতে বলেছেন। ঘরের খালি উঠান, ছাদ বা যেকোনো উপযুক্ত জায়গায় অবশ্যই একটি গাছ রোপণ করবে।’
তিনি আরও জানান, শিক্ষার্থীদের এই উদ্যোগে উৎসাহিত করতে বিদ্যালয়ের পক্ষ থেকেই চারা প্রদান করা হবে। শিশুরা নিজ হাতে সেই চারা রোপণ করবে এবং নিয়মিত পরিচর্যা নিশ্চিত করবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আগামী ৫ বছরে মোট ২৫ কোটি গাছ লাগানোর এই মহাপরিকল্পনা গৃহীত হয়েছে বলে জানান তিনি। সরকারের এই সবুজ উদ্যোগ বাস্তবায়ন করা দেশের একজন নাগরিক হিসেবে সবার নৈতিক দায়িত্ব। শিশুদের শৈশব থেকেই পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষের গুরুত্ব সম্পর্কে সচেতন করে তোলার ওপর তিনি বিশেষ জোর দেন।
গাছ কেবল প্রাকৃতিক সৌন্দর্যই বৃদ্ধি করে না, বরং মানবজীবন রক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ কারণে এখন থেকেই বৃক্ষপ্রেম জাগ্রত করা এবং অন্যদেরও পরিবেশ রক্ষায় গাছ লাগাতে উদ্বুদ্ধ করার পরামর্শ দেন তিনি।
উক্ত বৃক্ষরোপণ আয়োজনে দুই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও বিপুল সংখ্যক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
গাছ নয়, যেন আড়াইশ বছরের জীবন্ত ইতিহাস