নেপাল-চীন সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, এখন পর্যন্ত ৯৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে নিখোঁজদের সন্ধানে উদ্ধার ও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। খবর বিবিসির।
নেপাল ট্যুরিজম বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী, এখনো ৪০৩ জন নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে ৬১ জন নেপালি নাগরিক এবং ৩৪১ জন বিদেশি। নিখোঁজদের মধ্যে ২০০ জন নারী ও ২০৩ জন পুরুষ।
ট্যুরিজম বোর্ড জানিয়েছে, নিখোঁজ বিদেশি নাগরিকরা অন্তত ২৬টি দেশের। তাদের মধ্যে ভারতের ১৩৩ জন, যুক্তরাষ্ট্রের ৪৭ জন এবং যুক্তরাজ্যের ৩৩ জন রয়েছেন।
বুধবার (২৬ আগস্ট) ভোরে নেপালের রাজধানী কাঠমান্ডুর উত্তরে রাসুয়া এলাকায় এ বন্যা আঘাত হানে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্থানীয় সময় সকালে একটি ভূমিকম্পের ফলে তুষারধসের সৃষ্টি হয়। গলে যাওয়া তুষার নেমে এসে ভোতে কোশি নদীতে আকস্মিক পানির প্রবাহ বাড়িয়ে দিলে এ বন্যার সৃষ্টি হয়ে থাকতে পারে।
নেপাল ও তিব্বত উভয় পাশেই উদ্ধার ও অনুসন্ধান অভিযান চলছে। এখন পর্যন্ত ১২ জনকে উদ্ধার করা হয়েছে।
তিব্বত নিয়ন্ত্রণকারী চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এ ঘটনায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। নেপালের কর্মকর্তারাও বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, প্রবল স্রোতে বন্যার পানি গ্রামগুলোর মধ্য দিয়ে ধেয়ে যাচ্ছে। নেপাল পুলিশের মুখপাত্র অভি নারায়ণ কাফলে বিবিসিকে বলেন, সব নিরাপত্তা সংস্থা সমন্বিতভাবে উদ্ধার তৎপরতায় কাজ করছে।
তিব্বত থেকে নেপালে প্রবাহিত ভোতে কোশি নদীর নিম্নাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। বন্যায় ওই অঞ্চলের সড়ক যোগাযোগ, বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, কাঠমান্ডুর সঙ্গে সংযোগকারী প্রধান সড়কটি বন্ধ হয়ে গেছে।
নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ এলাকার নদীতীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে।
জরুরি পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ বলেন, 'চিকিৎসক দল, স্কাউট ও রেডক্রসের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কাজ শুরু হয়েছে।'
নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল সংসদে জানিয়েছেন, ২৬ জন পুলিশ সদস্য, নয়জন সশস্ত্র পুলিশ কর্মকর্তা এবং ৪৪ জন সেনাসদস্যও নিখোঁজ রয়েছেন। নেপালের কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, বুধবারের দুর্যোগের ক্ষয়ক্ষতির মাত্রা গত বছরের বন্যাকেও ছাড়িয়ে গেছে বলে তারা মনে করছেন।