নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিটি অটো রাইস মিলে ব্রয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। রবিবার (৩০ আগস্ট) সাড়ে ৬টার দিকে উপজেলার তারাবো পৌরসভার রূপসী গন্ধর্ববপুর তালতলা এলাকায় এ বিম্ফোরণ ঘটে।
দগ্ধ শ্রমিকরা হলেন উপজেলার তারাবো পৌরসভার তালতলা এলাকার মোজাম্মেল প্রধান (৪৫) ও একই এলাকার সাব্বির আহমেদ (১৮)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকালের দিকে সিটি গ্রুপের অটো রাইস মিলে শ্রমিকরা কাজ করছিল। হঠাৎ করে সকাল সাড়ে ৬টার দিকে অটো রাইস মিলে ব্রয়লারের ভাট্টি বিস্ফোরণ হয়। এতে মোজাম্মেল ও সাব্বির নামে দুই শ্রমিক দগ্ধ হয়। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
এবিষয়ে সিটি গ্রুপের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গেলে তারা সাংবাদিকদের কারখানার ভেতরে প্রবেশ করতে দেয়নি এবং কোন প্রকার কথা বলতে রাজি হয়নি।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে এখনও পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।