সিপিএলে ৩৯ বলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড শানাকার

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ এএম

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ব্যাট হাতে এক অবিশ্বাস্য ও রেকর্ড ভাঙা ঝড় বইয়ে দিয়েছেন সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের লঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা। সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে মাত্র ৩৯ বলে সেঞ্চুরি হাঁকিয়ে সিপিএলের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড গড়েছেন তিনি।

তার এই দানবীয় ইনিংসের সুবাদে কিংসদের ১৩৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্লে অফের লড়াইয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে প্যাট্রিয়টস।

এর আগে ৪০ বলে সেঞ্চুরি করে যৌথভাবে তিন ক্রিকেটার ছিলেন সিপিএল ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির তালিকায়। চলতি আসরে চার দিন আগেই গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে ৪০ বলে সেঞ্চুরি তোলেন ক্যারিবীয় ব্যাটার শিমরন হেটমেয়ার। এর আগে সমান বলে সেঞ্চুরির কীর্তি ছিল আন্দ্রে রাসেল ও টিম সেইফার্টেরও। তাদের সবাইকে ছাড়িয়ে এবার শীর্ষে এলেন শানাকা। 

গতরাতের ম্যাচের এক পর্যায়ে সেন্ট কিটস অ্যান্ড নেভিসের রান যখন ১০ ওভার শেষে ৮৯/২, তখন ক্রিজে আসেন শানাকা। শুরুর দিকে প্রতিপক্ষ বোলারদের আক্রমণ সামলে মাঠে নেমেই চার-ছক্কার ফুলঝুরি ছোটান এই লঙ্কান ব্যাটার। একে একে প্রতিপক্ষের বোলারদের ওপর চড়াও হয়ে তিনি মাত্র ২৪ বলে ফিফটি পূর্ণ করেন এবং সেঞ্চুরি তোলেন ৩৯ বলেই। পরের চার বল খেলে নিজের খাতায় যোগ করেন আরও ১৬ রান। শেষ পর্যন্ত মাত্র ৪৩ বলে ৮টি চার ও ১২টি ছক্কার সাহায্যে ১২১ রানের এক অপরাজিত ইনিংস খেলেন।

জাতীয় দলের সতীর্থ ওয়ানিন্দু হাসারাঙ্গার সঙ্গে মাত্র ৩১ বলে ৯৩ রানের বিধ্বংসী এক জুটি গড়ে দলীয় সংগ্রহকে ২৩৫ রানে পৌঁছে দেন তিনি। শেষ ওভারে কেওন গাস্টনকে চারটি ছক্কা ও একটি চারে মোট ২৮ রান নিয়ে নিজের সেঞ্চুরি পূর্ণ করেন এই লঙ্কান তারকা।

ম্যাচ শুরুর আগে নিজের মানসিক অবস্থা ও বর্তমান দলের পরিবেশ নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন শানাকা। ম্যাচের আগে বৃহস্পতিবার রাতে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমি এখানে খেলাটা দারুণ উপভোগ করছি।’ শেষ পর্যন্ত ম্যাচে আক্ষরিক অর্থেই উপভোগ করলেন, আর করালেন হাজারো সমর্থকদেরও। 

শানাকার এই দাপুটে ব্যাটিংয়ের পর বিশাল রান তাড়ায় নামা সেন্ট লুসিয়া কিংসের ব্যাটিং লাইনআপ সম্পূর্ণ খাদের কিনারায় চলে যায়। দলীয় রান ৯৮ হতেই অলআউট হয়ে যায় কিংসরা। প্যাট্রিয়টসের বোলারদের মধ্যে মাত্র দশটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা জেরেমিয়া লুইস দুর্দান্ত বোলিং করে ক্যারিয়ারের প্রথম ফাইফারের স্বাদ পান। তিনি একাই শিকার করেন ৫টি উইকেট। এছাড়া হাসারাঙ্গার ঘূর্ণি জাদুতে কিংসদের ইনিংসে মাত্র তিনজন ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন।

এই বড় জয়ে প্যাট্রিয়টসের নেট রানরেট -০.৫৪৭ থেকে বেড়ে দাঁড়িয়েছে ০.৫৯৩-তে, যা তাদের প্লে অফের স্বপ্নকে আরও উজ্জ্বল করে তুলেছে। ৮ ম্যাচে ৩ জয়ে জয়ে ৭ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে আছে দলটি। 

সর্বশেষ সর্বাধিক পঠিত