কক্সবাজারে ২ হাজার আইফোন জব্দ, গ্রেপ্তার ৬ চীনা নাগরিক

পুলিশ জানায়, এর আগে গত ২৬ আগস্ট মেরিন ড্রাইভ সড়কের আশপাশের চারটি হোটেলে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই সময় অনেক চীনা নাগরিক হোটেল ছেড়ে পালিয়ে যান।

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পিএম

কক্সবাজারে অনলাইন প্রতারণার একটি চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই হাজার আইফোন ও শতাধিক ল্যাপটপ জব্দ করেছে পুলিশ। এ সময় ছয় চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। অনলাইন প্রতারণার মাধ্যমে দেশ-বিদেশের বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত কক্সবাজার শহরের কলাতলী রোডের তারকা মানের হোটেল সি-প্যালেসে অভিযান চালিয়ে ওই ছয়জনকে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তাদের কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক আসাদ উদ্দিন মুহাম্মদ আসিফ তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানায়, এর আগে গত ২৬ আগস্ট মেরিন ড্রাইভ সড়কের আশপাশের চারটি হোটেলে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই সময় অনেক চীনা নাগরিক হোটেল ছেড়ে পালিয়ে যান। অভিযানকালে প্রায় এক হাজার মোবাইল ফোনসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান বলেন, রামু থানায় এক ভুক্তভোগীর করা অভিযোগের সূত্র ধরে বিশেষ গোয়েন্দা সংস্থার সহযোগিতায় এবং ঢাকার পুলিশের একটি বিশেষ ইউনিটের তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ছয় চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে দুই হাজার আইফোন ও শতাধিক ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া বিদেশি পুলিশের ব্যবহৃত যোগাযোগ সরঞ্জামের মতো কিছু সামগ্রীও পাওয়া গেছে।

গোয়েন্দা প্রতিবেদনের বরাতে পুলিশ জানায়, গত কয়েক মাস ধরে প্রায় ২০০ থেকে ৩০০ জন চীনা ও তাইওয়ানি নাগরিক কক্সবাজারের মেরিন ড্রাইভের কয়েকটি হোটেল ভাড়া নিয়ে অবস্থান করছিলেন। তাদের বিরুদ্ধে হোটেলে অবস্থান করে অনলাইনভিত্তিক প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের আটকের জন্যও অভিযান চালানো হচ্ছে।

রামু থানার ওসি এ. কে. ফজলুল হক বলেন, অনলাইন প্রতারণার অভিযোগে চীনা নাগরিকদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

কক্সবাজার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ শাহাজাহান ইলাহী নূরী বলেন, শুক্রবার সন্ধ্যায় ছয় চীনা নাগরিককে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত