প্রচ্ছদ রচনা

জার্মান এক গবেষকের চোখে বাংলার সুফিবাদ ও মাইজভান্ডার

বাংলার সুফিবাদকে বুঝতে মাইজভান্ডারী পরম্পরা এক গুরুত্বপূর্ণ জানালা। সেই জানালা দিয়ে বাংলার ধর্ম, লোকসংস্কৃতি ও জনজীবনকে পাঠ করেছেন জার্মান গবেষক হান্স হার্ডার। তার দীর্ঘ গবেষণায় মাইজভান্ডার হয়ে উঠেছে দেশীয় ইসলামের এক জীবন্ত ও বহুমাত্রিক প্রতিচ্ছবি

রাব্বী আহমেদের আরও লেখা:
পপ আইকন রুমি : বিশ্বায়িত বাজারে সুফি দর্শনের পণ্যায়ন

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পিএম

দক্ষিণ এশিয়ার ধর্মীয় ইতিহাসে বাংলা অঞ্চলের অবস্থান বরাবরই স্বতন্ত্র। এখানকার সুফি সাধনা ও তার বিকাশ বহিরাগত কোনো কাঠামোর সরল অনুকরণ হয়ে থাকেনি। দেশীয় সংস্কৃতি, আঞ্চলিক ভাষা ও জনমানসের সঙ্গে মিশে পরিগ্রহ করেছে স্বতন্ত্র রূপ। একইভাবে বাংলার ইসলামও সীমায়িত থাকেনি শুধু আচারিক অনুশাসনে। পীর-আউলিয়াদের দর্শন, মরমি গান ও মাজারকেন্দ্রিক চর্চার মধ্য দিয়ে বাংলার ইসলাম হয়ে ওঠে আপামর মানুষের ধর্মীয় ও সাংস্কৃতিক অভিজ্ঞতার অংশ। বাংলার সুফিবাদের এই বহুমুখী চরিত্র বুঝতে জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ অধ্যাপক হান্স হার্ডারের (১৯৬৬-) গবেষণা বিশেষ গুরুত্বপূর্ণ। ২০১১ সালে রাউটলেজ থেকে প্রকাশিত তার গ্রন্থ সুফিজম অ্যান্ড সেইন্ট ভেনারেশন ইন কনটেমপোরারি বাংলাদেশ : দ্য মাইজভান্ডারিজ অব চিটাগাং-এ তিনি চট্টগ্রামের মাইজভান্ডারী সম্প্রদায় নিয়ে বিশদ অনুসন্ধান করেছেন। দীর্ঘ মাঠকর্ম (এথনোগ্রাফি), প্রামাণ্য পাঠের বিশ্লেষণ ও নৃবৈজ্ঞানিক পর্যবেক্ষণের সমন্বয়ে হার্ডার এই সুফিধারাকে ধর্মীয় সম্প্রদায়ের বাইরে গিয়ে এর সামাজিক ও দেশীয় বিস্তারের প্রেক্ষাপটে পাঠ করেছেন। মাইজভান্ডারীর ধর্মতাত্ত্বিক ও সামাজিক রূপরেখার পাশাপাশি পীরপ্রথা ও মাজারসংস্কৃতি কীভাবে স্থানীয় পরিসর ছাড়িয়ে বাঙালি জনমানসে প্রভাব বিস্তার করেছে, তারও অনুসন্ধান করা হয়েছে গবেষণাটিতে।  

গবেষকের অনুপ্রেরণা ও বাংলাদেশ-সংযোগ
ঊনবিংশ শতাব্দীতে ম্যাক্স মুলার (১৮২৩-১৯০০) ভারততত্ত্ব চর্চার যে ভিত্তি নির্মাণ করেছিলেন, হার্ডারকে সেই গবেষণা-ধারারই একজন উত্তরসূরি হিসেবে বিবেচনা করা যায়। ভাষাতত্ত্ব ও আধুনিক সাহিত্যের অধ্যাপক হান্স হার্ডার দীর্ঘদিন ধরে বাংলা, হিন্দি ও তামিল ভাষা, সাহিত্য ও সংস্কৃতি নিয়ে কাজ করছেন। তার একাডেমিক যাত্রার সূচনাও বাংলা ভাষা ও সাহিত্যকে ঘিরে। ছাত্রাবস্থায় তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জাতীয়তাবাদী চিন্তাধারা নিয়ে অনুসন্ধান করেছেন। ২০০১ সালে প্রকাশিত হয়েছিল তার পিএইচডি অভিসন্দর্ভ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়’স শ্রীমদ্ভগবদ্গীতা : ট্রান্সলেশন অ্যান্ড অ্যানালিসিস। 

বাংলা সাহিত্যকে সাম্প্রতিক জার্মান ভাষাভাষী পাঠকের কাছে পরিচিত করে তোলাতেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। উনিশ শতকের বাংলা গদ্য থেকে বাংলাদেশের আধুনিক কথাসাহিত্য পর্যন্ত নানা রচনা জার্মান ভাষায় অনুবাদ করেছেন হার্ডার। এর মধ্যে রয়েছে হাসান আজিজুল হকের গল্প এবং কাজী নজরুল ইসলাম ও বেগম রোকেয়াকে নিয়ে লেখা নিবন্ধ। বাংলা সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে তার এই দীর্ঘ সম্পৃক্ততার প্রাতিষ্ঠানিক স্বীকৃতি মেলে ২০১৫ সালে। সে বছর আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের প্রতিনিধি হিসেবে তিনি অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন। হাইডেলবার্গের দীর্ঘদিনের বাসিন্দা বাঙালি কবি অলোকরঞ্জন দাশগুপ্তের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। দীর্ঘদিন তারা একে অন্যের সহযোগী হয়ে কাজ করেছেন। ইউরোপীয় বাংলাবিদ্যার ধারায় পরবর্তী প্রজন্মের একজন গুরুত্বপূর্ণ প্রতিনিধি ও প্রভাবক হিসেবে হার্ডারের এই সংযোগ বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।

বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে এই সংযোগই মাইজভান্ডারী ধারার প্রতি তার আগ্রহের অন্যতম প্রধান সূত্র হয়ে ওঠে। ১৯৯২ সালে চট্টগ্রামে অবস্থানকালে রাস্তায় ভেসে আসা মরমি গানের সুর হার্ডারের মনে কৌতূহল জাগায়। সেই কৌতূহলই তাকে টেনে নিয়ে যায় মাইজভান্ডার দরবার শরিফে। দরবারের আধ্যাত্মিক পরিবেশ এবং লোকজ সাহিত্য ও সংগীতের বিপুল ভান্ডার তাকে গভীরভাবে আকৃষ্ট করে। সে সময় তার ডক্টরেটের তত্ত্বাবধায়ক ছিলেন দক্ষিণ এশীয় অধ্যয়নের অধ্যাপক রাহুল পিটার দাস। তিনিও হার্ডারকে সুফি আন্দোলনের সামাজিক ও সাংস্কৃতিক তাৎপর্য অনুসন্ধানে উৎসাহিত করেন। প্রাথমিক সেই আকর্ষণ ও উৎসাহই পরে রূপ নেয় দীর্ঘমেয়াদি মাঠ গবেষণায়। ১৯৯৯, ২০০১ ও ২০০৮ সালে কয়েক দফায় তিনি সাক্ষাৎকার ও প্রত্যক্ষ পর্যবেক্ষণের মাধ্যমে তথ্য সংগ্রহ করেন। পাশাপাশি বিশ্লেষণ করেন বাংলা, ফারসি ও উর্দু ভাষায় রচিত নানা পুঁথি, সুফি সাহিত্য, তাজকিরা (জীবনচরিত) এবং ক্যাসেট থেকে সংগৃহীত মাইজভান্ডারী ধারার সহস্রাধিক গান।

বাংলার ইসলামকে হার্ডার শুধু প্রাতিষ্ঠানিক ধর্মীয় কাঠামোর মধ্যে দেখেননি; সাংস্কৃতিক নৃবিজ্ঞান, ধর্মতত্ত্ব ও ইসলামি অধ্যয়নের সমন্বিত দৃষ্টিতে বিশ্লেষণ করেছেন—কীভাবে বাংলা ভাষা, লোকসংস্কৃতি ও ধর্মীয় চর্চা পরস্পর যুক্ত হয়ে নির্মাণ করেছে ইসলামের একটি ‘দেশীয়’ রূপ। এখানকার লোকসংস্কৃতির প্রতি তার আগ্রহের আরেকটি দৃষ্টান্ত মাইজভান্ডারী ধারার প্রখ্যাত গীতিকার আবদুল গফুর হালীর (১৯২৯-২০১৬) গান জার্মান ভাষায় অনুবাদ ও সম্পাদনা। Der verrückte Gofur spricht (২০০৪) নামের এই সংকলনটি ভান্ডারী গানকে জার্মান পাঠকের কাছে পৌঁছে দিয়েছে। মাইজভান্ডার নিয়ে হার্ডারের গবেষণা জার্মানির মার্টিন লুথার বিশ্ববিদ্যালয় থেকে হ্যাবিলিটেশন হিসেবে গৃহীত হয়েছে—যা একাডেমিক ব্যবস্থায় পোস্ট-ডক্টোরাল পর্যায়ের একটি উচ্চতর গবেষণা স্বীকৃতি। ফলে গবেষণাটি একদিকে যেমন মাইজভান্ডারী ধারার ওপর দীর্ঘমেয়াদি মাঠকর্মের ফসল, অন্যদিকে বাংলা ভাষা, সাহিত্য ও লোকসংস্কৃতির সঙ্গে তার দীর্ঘ বৌদ্ধিক সম্পৃক্ততারও প্রাতিষ্ঠানিক পরিণতি। 

মাইজভান্ডারী ধারার ইতিহাস, প্রেক্ষাপট ও ‘দেশীয়’ ধর্ম
একটি আঞ্চলিক ধর্মীয় আন্দোলন কীভাবে বৃহত্তর এক সুফি ধারায় রূপ নিল হার্ডার তার গবেষণায় তার ঐতিহাসিক ও সামাজিক পাঠ হাজির করেছেন। উনিশ শতকের শেষভাগে চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার গ্রামে এই ধারার সূচনা। এর প্রাথমিক ভিত্তি গড়ে তোলেন ‘গাউসুল আজম’ হযরত সৈয়দ আহমদুল্লাহ (১৮২৯-১৯০৬)। পরে তার ভ্রাতুষ্পুত্র ও প্রধান আধ্যাত্মিক উত্তরসূরি ‘বাবা ভান্ডারী’ খ্যাত সৈয়দ গোলাম রহমান (১৮৬৫-১৯৩৭) এই ধারার বিস্তার ও প্রাতিষ্ঠানিক বিকাশে অগ্রণী ভূমিকা পালন করেন। আহমদুল্লাহ ছিলেন সৈয়দ মতিউল্লাহর জ্যেষ্ঠ পুত্র। স্থানীয় মাদ্রাসায় প্রাথমিক ধর্মীয় শিক্ষা শেষে ১৮৪৪ সালে তিনি কলকাতা আলিয়া মাদ্রাসায় ভর্তি হন। সেখানে আট বছর অধ্যয়নের পর যশোরে কাজী হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে তিনি মাদ্রাসায়ও শিক্ষকতা করেছেন। কলকাতায় থাকাকালে তিনি আবু শাহমা সালেহ লাহোরীর হাতে কাদিরিয়া তরিকার বায়াত গ্রহণ করেন। প্রচলিত বর্ণনা অনুযায়ী, প্রথম সাক্ষাতেই তিনি মুর্শিদের কাছ থেকে উচ্চতর আধ্যাত্মিক ক্ষমতা লাভ করেছিলেন। চল্লিশ বছর বয়সের পর থেকে নিকট ও দূরদূরান্তের বহু মানুষ মুরিদ হওয়ার বাসনায় তার কাছে আসতে শুরু করে। ঔপনিবেশিক শাসন ও ধর্মীয় পুনর্গঠনের সেই সময়ে আহমদুল্লাহ ও তার উত্তরসূরিদের আধ্যাত্মিক ব্যক্তিত্ব এবং জনকল্যাণমুখী জীবনচর্চা ক্রমশ মানুষের আকর্ষণের কেন্দ্র হয়ে ওঠে। অচিরেই মাইজভান্ডারের এই পীরকেন্দ্রিক সাধনা বিপুল অনুসারী সমাজ গড়ে তুলতে সমর্থ হয়। একসময় এটি ব্যক্তিগত আধ্যাত্মিক পরিসর ছাড়িয়ে একটি সুসংগঠিত সুফি ধারায় রূপ নেয়; স্থানীয় গণ্ডি পেরিয়ে এর প্রভাবও বিস্তৃত হয় বৃহত্তর বাংলা অঞ্চলে। 

হার্ডার মনে করেন, মাইজভান্ডারীর বিশেষত্ব নিহিত ধর্মীয় চর্চা ও স্থানীয় সংস্কৃতির সঙ্গে তার নিবিড় সংযোগে। ‘দেশীয়’ সাংস্কৃতিক রীতিকে এখানে ধর্মের পরিপন্থী আখ্যায়িত করে বর্জন করা হয়নি। মরমি গান, লোকজ প্রেমের রূপক, দেহতত্ত্ব ও ‘সন্ধ্যাভাষা’র মতো দেশীয় প্রকাশভঙ্গি হয়ে উঠেছে সুফি ভাবপ্রকাশের প্রধান বাহন। আরবি-ফারসি পরিভাষার পাশাপাশি স্থানীয় কথ্যভাষা ও পরিচিত রূপকের ব্যবহার জটিল আধ্যাত্মিক ভাবনাকে সাধারণ মানুষের কাছে সহজবোধ্য করে তুলেছে। হার্ডারের মতে, এই সাংস্কৃতিক সমন্বয় মাইজভান্ডারী ধারাকে একদিকে যেমন স্বতন্ত্র বৈশিষ্ট্য দিয়েছে, তেমনি গড়ে তুলেছে ‘দেশীয় ধর্ম’ বা ‘পপুলার ইসলাম’-এর একটি শক্তিশালী রূপ। প্রাতিষ্ঠানিক অনুশাসন ও সংস্কারবাদী কাঠামোর বাইরে গিয়ে মাইজভান্ডার সর্বসাধারণের জন্য আধ্যাত্মিকতা চর্চারও একটি সহজ পথ উন্মুক্ত করেছে। বিশেষত কৃষক, শ্রমিক ও প্রান্তিক মানুষের কাছে পীরভক্তি, গান, সামা মাহফিল ও তবারক বিতরণের সম্মিলিত আচার ধর্মীয় অনুভবের পাশাপাশি হয়ে উঠেছে সামাজিক সংযোগেরও গুরুত্বপূর্ণ মাধ্যম। হার্ডারের বিশ্লেষণে, এসব চর্চা ইসলামি চেতনা থেকে বিচ্ছিন্ন কোনো প্রান্তিক অনুষঙ্গ নয়। স্থানীয় মানুষের দৈনন্দিন বিশ্বাস, সম্পর্ক ও সামাজিক জীবনের সঙ্গে মিশে এই সংস্কৃতি নির্মাণ করেছে ইসলামেরই এক জীবন্ত ও পরিবর্তনশীল রূপ।

গবেষণার মূল রূপরেখা ও পর্যবেক্ষণ
ঐতিহাসিক প্রেক্ষাপটের পাশাপাশি হার্ডার মাইজভান্ডারী ধারার সাংগঠনিক কাঠামো, ধর্মীয় আচার, সুফিতত্ত্ব, জীবনচরিত, গান ও সাহিত্যকেও তার বিশ্লেষণের আওতায় এনেছেন। দরবারের বংশানুক্রমিক নেতৃত্বের পাশাপাশি তিনি আহমদীয়া, রহমানীয়া ও হক মঞ্জিলের পরিচালন কাঠামো নিয়ে আলোচনা করেছেন। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে নেতৃত্বের উত্তরাধিকার, ভক্তদের সম্পৃক্ততা ও তরিকার সাংগঠনিক বিস্তার কীভাবে বজায় থেকেছে, হার্ডারের গবেষণায় রয়েছে তারও অনুসন্ধান। ধর্মীয় আচারের ক্ষেত্রে তিনি জিকিরের (জলী ও খফী) পাশাপাশি বার্ষিক ওরস, সামা মাহফিল ও তবারক বিতরণের মতো চর্চাগুলোকে বিশ্লেষণ করেছেন। তার পর্যবেক্ষণে, এসব আচার ব্যক্তিগত সাধনার পাশাপাশি দরবার ও অনুসারী সমাজের মধ্যে পারস্পরিক সংযোগ তৈরির ক্ষেত্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সৈয়দ দেলাওয়ার হোসাইনের (১৯১০-১৯৮২) ‘বেলায়াতে মোতলাকা’সহ বিভিন্ন রচনার আলোকে হার্ডার মাইজভান্ডারী সুফিদর্শনের কয়েকটি গুরুত্বপূর্ণ  উপাদান চিহ্নিত করেছেন। এর মধ্যে রয়েছে—নূর-ই-মুহাম্মদী, প্রেম বা ইশক, তৌহিদ (আল্লাহর একত্ববাদ) এবং শরিয়ত-মারফতের পারস্পরিক সম্পর্ক। এসব ধারণার মধ্য দিয়ে তিনি মাইজভান্ডারী আধ্যাত্মিকতার নিজস্ব তাত্ত্বিক কাঠামো এবং এর ধর্মতাত্ত্বিক ভিত্তিও অনুধাবনের চেষ্টা করেছেন।

গবেষণার সবচেয়ে আকর্ষণীয় অংশ সম্ভবত মাইজভান্ডারী গান, সাহিত্য ও তাজকিরা নিয়ে তার চুলচেরা বিশ্লেষণ। সৈয়দ আহমদুল্লাহ, সৈয়দ গোলাম রহমান, ‘শাহানশাহ’ জিয়াউল হক (১৯২৮-১৯৮৮) ও সৈয়দ শফিউল বশরের (১৯১৯-২০০২) মতো ব্যক্তিত্বদের ঘিরে রচিত ‘কারামত’ কীভাবে তাদের আধ্যাত্মিক মর্যাদাকে নির্মাণ ও পুনর্নির্মাণ করে, হার্ডার তাও পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছেন। বিশেষ করে রমেশ শীল (১৮৭৭-১৯৬৭), আব্দুল গফুর হালী ও সৈয়দ বজলুল করিম মন্দাকিনীর গান পাঠ করে তিনি দেখিয়েছেন—নৌকা ও নদীর লোকজ প্রতীক, ‘সন্ধ্যাভাষা’ এবং বৈষ্ণবীয় রাধা-কৃষ্ণের রূপক কীভাবে সুফি ভাবপ্রকাশের মূল মাধ্যম হয়ে উঠেছে। সাধকের নিজেকে নারীসত্তায় কল্পনার প্রবণতাকে তিনি লোকসংস্কৃতি ও সুফি তত্ত্বের সেতুবন্ধ হিসেবে চিহ্নিত করেছেন। ‘সংশ্লেষণবাদ’ ও ‘ক্ষুদ্র ঐতিহ্য’ তত্ত্বের আলোকে হার্ডার দেখিয়েছেন, বাঙালি সুফিবাদ ও দরবারি সংস্কৃতি স্থির কাঠামো নয়; সামাজিক পরিবর্তনের সঙ্গে ক্রমাগত পুনর্গঠন ও অভিযোজিত হওয়া একটি গতিশীল প্রক্রিয়া। পরিশিষ্টে মাইজভান্ডারী তরিকার নির্বাচিত ২০টি গানের অনুবাদ সংযোজন গ্রন্থটির গবেষণাগত মূল্য আরও বাড়িয়ে দিয়েছে।  

হার্ডার যে শূন্যস্থান পূরণ করলেন
বাংলার ইসলাম নিয়ে গবেষণার দীর্ঘ ধারা থাকলেও তার বড় অংশই কেন্দ্রীভূত ছিল ঔপনিবেশিক বা প্রাক্-ঔপনিবেশিক পর্বে। রিচার্ড ইটন তার দ্য রাইজ অব ইসলাম অ্যান্ড দ্য বেঙ্গল ফ্রন্টিয়ার (১৯৯৩) গ্রন্থে ষোড়শ থেকে অষ্টাদশ শতকে কৃষি সম্প্রসারণের সঙ্গে ইসলাম গ্রহণের সম্পর্ক ব্যাখ্যা করেছেন। তবে তার গবেষণা মূলত ঐতিহাসিক-কাঠামোগত বিশ্লেষণে সীমাবদ্ধ; সমকালীন কোনো সচল ধর্মীয় সম্প্রদায়ের অভ্যন্তরীণ জীবন সেখানে অনুসন্ধানের বিষয় হয়ে ওঠেনি। অন্যদিকে অসীম রায় তার দ্য ইসলামিক সিনক্রেটিস্টিক ট্র্যাডিশন ইন বেঙ্গল (১৯৮৩) গ্রন্থে মধ্যযুগীয় বাংলা সাহিত্যে ইসলাম ও লোকজ বিশ্বাসের মিশ্রণ বিশ্লেষণ করেছেন। তার পর্যবেক্ষণের কেন্দ্রও ছিল মূলত প্রাক্-আধুনিক পুঁথিসাহিত্য। রফিউদ্দিন আহমদ তার বেঙ্গল মুসলিমস ১৮৭১-১৯০৬ গ্রন্থে সংস্কারবাদী ও ঐতিহ্যবাহী ইসলামের সামাজিক-রাজনৈতিক দ্বন্দ্ব নিয়ে আলোচনা করেছেন। তবে তার বিশ্লেষণ উনিশ শতকের সামাজিক ইতিহাসের পরিসরেই সীমাবদ্ধ এবং বিশ শতকের গোড়াতেই এর সময়কাল শেষ হয়েছে।

মাইজভান্ডারী ধারা নিয়ে হার্ডারের আগের সবচেয়ে পরিচিত কাজ নৃবিজ্ঞানী পিটার জে. বার্তোচ্চির ২০০৬ সালের একটি নিবন্ধ। ইংরেজিভাষী পাঠক মহলে মাইজভান্ডারী তরিকাকে পরিচয় করিয়ে দিতে সেটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে নিবন্ধটি ছিল মূলত একটি সংক্ষিপ্ত পরিচিতিমূলক রচনা। এতে দরবারের ইতিহাস, নেতৃত্ব ও মহিষ কোরবানির আচার নিয়ে একটি প্রাথমিক নৃতাত্ত্বিক রূপরেখা পাওয়া যায়। তরিকাটির বিপুল পুঁথিসাহিত্য ও সহস্রাধিক গানের পদ্ধতিগত পাঠ সেখানে অনুপস্থিত। হার্ডারের কাজের বিস্তার এখানেই। দীর্ঘমেয়াদি মাঠকর্মের সঙ্গে বাংলা, ফারসি ও উর্দু ভাষার প্রামাণ্য সাহিত্য, পুঁথি, তাজকিরা ও গানকে একই বিশ্লেষণী পরিসরে এনে তিনি মাইজভান্ডারী ধারাকে বহুমাত্রিকভাবে পাঠ করেছেন—প্রাক্-আধুনিক সংশ্লেষণ ও সীমান্ত-ধর্মান্তরের তত্ত্বকে মিলিয়ে দেখেছেন—একবিংশ শতকের একটি সক্রিয় ধর্মীয় সম্প্রদায়ের বাস্তবতার সঙ্গে। রায় ও ইটনের তত্ত্বায়ন যেখানে মূলত ঐতিহাসিক নথিনির্ভর, হার্ডার সেখানে দরবারের সংগঠন, ভক্তদের কথ্যভাষা ও দৈনন্দিন আচার পর্যবেক্ষণের মাধ্যমে সেই তাত্ত্বিক প্রশ্নগুলোকে সমকালীন বাস্তবতার আলোকে নিরীক্ষা করেছেন। এভাবে বাংলার ইসলাম নিয়ে পুরনো ঐতিহাসিক বিতর্ককে নৃতাত্ত্বিক বর্তমানের সঙ্গে যুক্ত করে তার গবেষণা বিদ্যায়তনিক পরিসরে একটি গুরুত্বপূর্ণ নতুন দৃষ্টিভঙ্গি যোগ করেছে।

গবেষণার সীমাবদ্ধতা ও সমালোচনা
হার্ডারের আকরগ্রন্থটি গবেষক ও একাডেমিক পরিমণ্ডলে মূল্যবান সংযোজন হলেও সাধারণ পাঠকের জন্য কিছুটা দুরূহ মনে হতে পারে। হ্যাবিলিটেশন থিসিস হিসেবে রচিত হওয়ায় এর ভাষা ও বিন্যাস গভীরভাবে বিশ্লেষণাত্মক। সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান ও ধর্মতত্ত্বের জটিল পরিভাষা—যেমন ‘ডিসকার্সিভ ফিল্ড’, ‘হ্যাজিওগ্রাফি’, ‘সংশ্লেষণবাদ’ ও ‘ক্ষুদ্র ঐতিহ্য’—গ্রন্থটির বিশ্লেষণী কাঠামো নির্মাণ করেছে। একাডেমিক বিচারে এটি গ্রন্থটির অন্যতম শক্তি হলেও এর তাত্ত্বিক ঘনত্ব প্রাথমিক পাঠকে কিছুটা কঠিন করে তুলতে পারে। তা ছাড়া বাংলাভাষীদের কাছে গ্রন্থটির প্রবেশাধিকারও সীমিত। ইংরেজিতে রচিত হওয়ায় এর পাঠকপরিসরও স্বাভাবিকভাবে সংকুচিত। নির্ভরযোগ্য অনুবাদের অভাব, দেশীয় বাজারে বইটির অপ্রাপ্যতা এবং রাউটলেজের তুলনামূলক চড়া মূল্য—সব মিলিয়ে বৃহত্তর পাঠকের কাছে বইটি সহজে পৌঁছানোর সুযোগ কম। 

ইউরোপীয় ভাষায় রচিত বাংলার সুফিবাদ নিয়ে এটি প্রথম পূর্ণাঙ্গ মনোগ্রাফ হলেও, মাইজভান্ডারীকে বাংলার সুফি ঐতিহ্যের প্রধান বা প্রতিনিধিত্বশীল রূপ হিসেবে কেন্দ্রে রাখার ফলে এই ঐতিহ্যের আঞ্চলিক বৈচিত্র্যের একটি অংশ অনালোচিত থেকে গেছে। ঝালকাঠির কাঁঠালিয়ার শৌলজালিয়ায় গোলাম রহমানের শিষ্য ‘গাউসুল আজম’ নফিছুর রহমান (আনু. ১৮৯২-১৯৩৫) প্রবর্তিত এবং ‘মোজাদ্দেদে জামান’ ও মুক্তিযুদ্ধের সংগঠক বযলুর রহমানের (১৯০১-১৯৮৫) মাধ্যমে বিস্তৃত ‘হক্কোননূর’ তরিকা এক শতাব্দীরও বেশি সময় ধরে একটি স্বতন্ত্র সুফি ধারা হিসেবে সক্রিয় রয়েছে। সুরেশ্বরী ও আটরশির দরবারেরও রয়েছে নিজস্ব আধ্যাত্মিক পরম্পরা ও অনুসারীসমাজ। ফলে মাইজভান্ডারীকে বাংলার সুফি ঐতিহ্যের প্রতিনিধিত্বশীল একটি ধারা হিসেবে বিবেচনা করা গেলেও, একে সেই ঐতিহ্যের একমাত্র প্রতিরূপ হিসেবে দেখলে অন্যান্য আঞ্চলিক তরিকা ও দরবারের ঐতিহাসিক গুরুত্ব আড়ালে পড়ে যাওয়ার ঝুঁকি থাকে। বাংলার বহুমাত্রিক সুফি পরম্পরার এই বিস্তৃত পরিসর হার্ডারের গবেষণায় তুলনামূলকভাবে আলোচিত না হওয়াকে তার গবেষণার একটি উল্লেখযোগ্য পরিসরগত সীমা হিসেবে বিবেচনা করা যেতে পারে।

এসব সীমাবদ্ধতা সত্ত্বেও হার্ডারের গবেষণার একাডেমিক গুরুত্ব অক্ষুণ্ণ থাকে। সমকালীন বাংলাদেশে মাজারকেন্দ্রিক সহিংসতা, ধর্মীয় উগ্রতা ও মতাদর্শিক সংঘাতের প্রেক্ষাপটে এই গবেষণার প্রাসঙ্গিকতাও নতুন করে বিবেচনার দাবি রাখে। বাংলার ধর্মীয় জীবনে বৈচিত্র্য, সহাবস্থান ও বহুত্বের যে দীর্ঘ ঐতিহাসিক অভিজ্ঞতা রয়েছে, হার্ডারের গবেষণা সেই বাস্তবতার দিকে ফিরে তাকানোরও একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ তৈরি করেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত