কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি কাল্পনিক চরিত্র ও ব্যক্তিত্বের প্রোফাইলের জন্য নতুন নিয়ম চালু করেছে ইনস্টাগ্রাম। এখন থেকে এ ধরনের অ্যাকাউন্টে বাধ্যতামূলকভাবে ‘এআই-জেনারেটেড প্রোফাইল’ লেবেল ব্যবহার করতে হবে। কোনো প্রোফাইল যে বাস্তব মানুষের নয়, তা স্পষ্ট করতেই এই লেবেল চালু করা হয়েছে। নিয়ম না মানলে সংশ্লিষ্ট অ্যাকাউন্টের কনটেন্টের প্রসার বা ‘রিচ’ কমিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইনস্টাগ্রাম।
এআই দিয়ে তৈরি নিম্নমানের ও বিভ্রান্তিকর কনটেন্টের সংখ্যা বাড়তে থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। বিশেষ করে বাস্তব মানুষের মতো দেখতে কৃত্রিম চরিত্র ব্যবহার করে বিভিন্ন পণ্য, সেবা কিংবা স্বাস্থ্যবিষয়ক পরামর্শ প্রচারের ঘটনা উদ্বেগ বাড়িয়েছে।
ইনস্টাগ্রামের নতুন লেবেলটি মূলত এমন প্রোফাইলের জন্য, যেখানে এআই দিয়ে তৈরি কোনো কৃত্রিম মানুষের উপস্থিতি রয়েছে। এআই কনটেন্ট প্রকাশকারী অ্যাকাউন্টের জন্য ‘এআই ক্রিয়েটর’ নামে একটি ঐচ্ছিক লেবেল ব্যবহারের সুযোগ ছিল। নতুন ব্যবস্থায় সেই লেবেলের পরিবর্তে ‘এআই-জেনারেটেড প্রোফাইল’ ট্যাগ ব্যবহার করা হবে।
ইনস্টাগ্রামের এক মুখপাত্র জানান, ব্যবহারকারীরা প্রায়ই কোনো প্রোফাইলকে বাস্তব মানুষের বলে মনে করেন। পরে সেটি এআই দিয়ে তৈরি কাল্পনিক চরিত্র জানতে পারলে বিষয়টি নেতিবাচকভাবে নেন। স্বচ্ছতা বাড়াতেই নতুন লেবেল চালু করা হয়েছে। যেসব অ্যাকাউন্টে কৃত্রিম এআই মানুষের উপস্থিতি রয়েছে কিন্তু নতুন লেবেল ব্যবহার করা হচ্ছে না, সেসব অ্যাকাউন্টের রিচ দ্রুত সীমিত করা হতে পারে। ভুলবশত শাস্তি পেলে ‘অ্যাকাউন্ট স্ট্যাটাস’ ড্যাশবোর্ডের মাধ্যমে আপিল করতে পারবেন নির্মাতারা।