‘মিস ওয়ার্ল্ড’ হলেন জোহেইরি মোলা

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ এএম

বিশ্বের ১১১ প্রতিযোগীকে পেছনে ফেলে ‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট মাথায় তুলে নিলেন ডোমিনিকান রিপাবলিকের সুন্দরী জোহেইরি মোলা দোমিঙ্গেস। ভিয়েতনামের না ট্রাং শহরে স্থানীয় সময় গত শনিবার সন্ধ্যায় জাঁকজমকপূর্ণ ৭৩তম মিস ওয়ার্ল্ডের গ্র্যান্ড ফিনালেতে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় তাকে। রাজকীয় এই আয়োজনে তাকে মুকুট পরিয়ে দেন বিদায়ী মিস ওয়ার্ল্ড থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংস্রি। প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়েছেন স্পেনের এলিজাবেথ রেনেস আলাবার্ন এবং দ্বিতীয় রানার-আপ নির্বাচিত হয়েছেন মালয়েশিয়ার তানুসিয়া শেঠি।

তবে জোহাইরি মোলার এই জয় কেবল পোশাক, মুকুট কিংবা মঞ্চের উপস্থিতির ওপর নির্ভর করে আসেনি। তার এই জয়ের পথচলা বিউটি উইথ এ পারপাস, অর্থাৎ উদ্দেশ্যমূলক সৌন্দর্য দর্শন এবং প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের ইংরেজি শিক্ষা নিয়ে তার সামাজিক কর্মকা-ের সঙ্গে গভীরভাবে যুক্ত। মোলা একাধারে শিক্ষাবিদ, সামাজিক সংগঠক, যোগাযোগ বিশেষজ্ঞ এবং পেশাদার মডেল। মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী, তিনি ইউনিভার্সিদাদ ইবেরো আমেরিকানা থেকে বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনে ডিগ্রি অর্জন করেছেন। তিনি ‘ভয়েসেস অব টুমরোর’ প্রতিষ্ঠাতা ও সভাপতি, যা সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের শিশু ও যুবকদের ইংরেজি শিক্ষা বিস্তারে কাজ করে।

তার কাজ কেবল ভাষা শেখানোর মধ্যেই সীমাবদ্ধ নয়। তিনি ইংরেজিতে সাহিত্য ও সামাজিক বিজ্ঞান পড়ান এবং শিক্ষাকে কাজে লাগিয়ে সমালোচনাধর্মী চিন্তা ও ব্যক্তিগত বিকাশে উৎসাহিত করেন। জোহাইরি মোলার এই জয় ডমিনিকান রিপাবলিকের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এটি দেশটির ইতিহাসে দ্বিতীয় মিস ওয়ার্ল্ড খেতাব। এর আগে ১৯৮২ সালে প্রথম ডমিনিকান নারী হিসেবে ম্যারিয়াসেলা আলভারেজ এই খেতাব জয় করেছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত