ঝিনাইদহের মহেশপুর উপজেলার টিউবওয়েলের পানি গড়ানো নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীর মারধরে আব্দুল জব্বার (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল জব্বার শ্রীরামপুর গ্রামের মৃত আনছার মন্ডলের ছেলে। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে টিউবওয়েলের পানি যাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী জেহের আলীর ছেলে পলাশ ও বিদ্যুতের সঙ্গে আব্দুল জব্বারের বাগ্বিতণ্ডা হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে পলাশ ক্ষিপ্ত হয়ে আব্দুল জব্বারের বুকে কিল-ঘুষি ও লাথি মারেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, তুচ্ছ ঘটনা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে প্রতিবেশীর আঘাতে ওই ব্যক্তি মারা গেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকে পুলিশ অভিযান শুরু করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।
মহেশপুরে ৩ মাস কাদায় বেঁধে রাখা সেই চার মহিষ ইউএনও'র হস্তক্ষেপে উদ্ধার
মহেশপুরে নেশাগ্রস্থ ছেলের হাতে মা খুন