হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিজের সেই চেনা রূপেই ধরা দিলেন ট্রাভিস হেড। তার বিধ্বংসী সেঞ্চুরির ওপর দাঁড়িয়ে স্বাগতিকদের বিপক্ষে ৮৪ রানের বড় জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করল অজিরা।
এতে দীর্ঘ এক যুগ বছর পর জিম্বাবুয়ের মাটিতে ওয়ানডে সিরিজ খেলতে নেমে নিজেদের আধিপত্যের প্রমাণ আরও একবার দিল সফরকারীরা।
টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ ৩৫৬ রানের দলীয় সংগ্রহের রেকর্ড গড়ে সফরকারীরা। শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন অস্ট্রেলিয়ান ওপেনাররা। উদ্বোধনী জুটিতে হেড ও অধিনায়ক মিচেল মার্শ মাত্র ১৯ ওভারে গড়ে তোলেন ১৩০ রানের জুটি। মার্শ ৫৩ রান করে বিদায় নিলেও নিজের দুর্দান্ত গতি ধরে রাখেন হেড। মাত্র ৩২ বলে ফিফটি পূর্ণ করার পর ৭৫ বলেই ক্যারিয়ারের ২০তম আন্তর্জাতিক সেঞ্চুরি তুলে নেন তিনি।
শেষ পর্যন্ত ১৫ চার ও ৩ ছক্কায় ৮৪ বলে ১১২ রানের এক ঝলমলে ইনিংস খেলে থামেন এই তারকা। আন্তর্জাতিক ক্রিকেটে এটি ছিল তার ২০তম সেঞ্চুরি, যার একটি টেস্ট ড্র ছাড়া বাকি ১৯টিতেই জয় নিয়ে মাঠ ছাড়ার রেকর্ড রয়েছে। অর্থাৎ, হেড যখনই তিন অংকের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন, অস্ট্রেলিয়ার পরাজয় যেন আভিধানিক অর্থেই অসম্ভব এক ব্যাপার।
হেড ফেরার পর ইনিংসের মোড় ঘুরিয়ে দেন তরুণ কুপার কনোলি ও অলিভার পিক। কনোলি ৬৯ বলে ৭৮ রানের দায়িত্বশীল এক ইনিংস খেলেন। তবে ইনিংসের আসল রোমাঞ্চ দেখান অলিভার পিক। শেষ ওভারে ব্র্যাড ইভান্সের বলের ওপর চড়াও হয়ে তিনটি ছক্কা হাঁকিয়ে এক ওভারে তুলে নেন ২৪ রান। মাত্র ১৮ বলে অপরাজিত ৪১ রানের এই ঝোড়ো ইনিংসের সুবাদে ৫০ ওভারে ৬ উইকেটে ৩৫৬ রানের পাহাড়ে পৌঁছায় অস্ট্রেলিয়া, যা ২০১৪ সালের ৩৫০ রানের আগের রেকর্ডকে ছাড়িয়ে গেছে।
পাহাড়সম লক্ষ্য তাড়ায় ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিল জিম্বাবুয়ে। দুই উইকেটে শত রান পার করার পর দলের প্রতিটি ব্যাটারই ছোট ছোট অবদান রাখেন। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন অধিনায়ক সিকান্দার রাজা। এছাড়া ব্রেন্ডন টেলর ৩৯ ও ক্রেইগ আরভিন ৩৮ রান করেন। তবে অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে রানের গতি ঠিক রাখতে না পেরে শেষ পর্যন্ত ৪৮.৩ ওভারে ২৭২ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা।
একই মাঠে সিরিজের তৃতীয় শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী রবিবার।
বর্ণবাদের ‘হাজারো’ অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক মন্তব্য ইয়ামালের