চলমান ইউক্রেন যুদ্ধের মধ্যেই অনুষ্ঠিত রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে জয় পেয়েছে প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সমর্থিত ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টি। দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশন গতকাল সোমবার জানিয়েছে, ৯৫ শতাংশেরও বেশি ভোট গণনার পর ইউনাইটেড রাশিয়া পার্টি ৫৭.৮৩ শতাংশ ভোট পেয়েছে। ২০২১ সালে অনুষ্ঠিত আগের স্টেট ডুমা (সংসদের নিম্নকক্ষ) নির্বাচনে দলটি ৪৯.৮ শতাংশ ভোট পেয়েছিল। কমিশন জানিয়েছে, এই ফলাফলে ৪৫০ আসনের ডুমাতে ইউনাইটেড রাশিয়া দল ৩৫৫টি আসন লাভ করবে, যার মাধ্যমে তারা তাদের সাংবিধানিক সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখতে সক্ষম হবে। এ নির্বাচনে কমিউনিস্ট পার্টি এবং এলডিপিআর যথাক্রমে ১৪ শতাংশ ও ৮.৭ শতাংশ ভোট পেয়েছে।
ইউক্রেন যুদ্ধের বিরোধিতা করে এমন কোনো দলকে এবারের নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়নি। ভোটের মাত্র কয়েক সপ্তাহ আগে রাশিয়ার সুপ্রিম কোর্টের আদেশে যুদ্ধবিরোধী ইয়াবলোকো পার্টির প্রতীক ব্যালট থেকে বাদ দেওয়া হয়। ক্রেমলিন নির্বাচনের এই ফলাফলকে পুতিনের নীতি এবং ইউক্রেন যুদ্ধের প্রতি জনগণের সমর্থনের প্রমাণ হিসেবে উপস্থাপন করেছে।