এশিয়াডে শূন্য ঋতুপর্ণারা

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ এএম

শেষ বাঁশি বাজতেই ওসাকার নাগাই স্টেডিয়ামে হতাশ হয়ে দাঁড়িয়ে রইলেন ঋতুপর্ণা চাকমারা। গতকাল সোমবার গ্রুপের শেষ ম্যাচে জয় তো দূরের কথা, মিয়ানমারের বিপক্ষে একটি গোলের দেখাও পেল না বাংলাদেশ। গোলশূন্য ড্রয়ে এশিয়ান গেমসের নারী ফুটবল থেকে বিদায় নিতে হলো লাল-সবুজের প্রতিনিধিদের।

এশিয়ান গেমসের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে সোমবার মিয়ানমারের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। আগের দুই ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ১০-০ এবং দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হারের পর এই ম্যাচে জয় ছাড়া বাংলাদেশের সামনে কার্যত কোনো বিকল্প ছিল না। শেষ পর্যন্ত গোল করতে না পারায় এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে দলকে। অথচ মিয়ানমারের বিপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক স্মৃতি ছিল সুখের। ২০২৫ সালের এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ে মিয়ানমারের মাটিতে ২-১ গোলে জিতেছিল বাংলাদেশ। সেই ম্যাচে জোড়া গোল করে জয়ের নায়ক হয়েছিলেন ঋতুপর্ণা। অথচ ওই দলটির বিপক্ষেই এবার আর জয়ের দেখা পেল না বাংলাদেশ। ম্যাচের শুরুতেই সুযোগ তৈরি করে মিয়ানমার। প্রথম মিনিটেই বাংলাদেশের রক্ষণে চাপ তৈরি করে তারা। ১০ মিনিটের দিকে বাংলাদেশের গোলরক্ষক রুপনা চাকমাকে একা পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেনি মিয়ানমারের আক্রমণভাগ।

বাংলাদেশও প্রথমার্ধে গোলের সুযোগ পেয়েছিল। ৩৮ মিনিটে মিয়ানমারের ডিফেন্ডারের ভুলে বক্সের সামনে বল পেয়ে যান ঋতুপর্ণা। দ্রুতগতির শটে গোলের চেষ্টা করেন তিনি। কিন্তু তার শট মিয়ানমারের পোস্টের সামান্য ওপর দিয়ে চলে যায়। মিয়ানমারের বিপক্ষে আগের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ঋতুপর্ণা কালও ছিলেন বাংলাদেশের আক্রমণের অন্যতম ভরসা। প্রথমার্ধের শেষ দিকে বাজে ট্যাকলের শিকার হলেও মাঠ ছাড়েননি তিনি। পুরো ম্যাচই খেলেছেন এই ফরোয়ার্ড।

বিরতির পর বাংলাদেশের আক্রমণের ধার আরও কমে যায়। বরং মিয়ানমারই ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। ৭৭ মিনিটে আবারও বড় সুযোগ পায় তারা। রুপনা চাকমাকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হয় মিয়ানমারের আক্রমণভাগ।

সর্বশেষ সর্বাধিক পঠিত