ময়মনসিংহের ত্রিশালে এনামুল হক নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ত্রিশাল থানা পুলিশ। এ ঘটনার পর তার ছোট ভাই মাজহারুল ইসলাম ও তার স্ত্রী পলাতক রয়েছেন।
ত্রিশাল থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার হরিরামপুর ইউনিয়নের রায়েরগ্রাম উজানপাড়া এলাকার আব্দুল মালেকের বড় ছেলে এনামুল হকের সঙ্গে মেজ ছেলে মাজহারুল ইসলামের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। মাজহারুল তার বড় ভাই এনামুল হককে প্রায়ই হত্যার হুমকি দিতেন বলেও স্থানীয়রা জানান।
বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে এনামুল হকের সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরদিন আজ শুক্রবার সকাল ৭টার দিকে বাড়ির পাশে একটি জলপাই গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পান এলাকাবাসী। পরে তারা পুলিশকে খবর দিলে ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) আলামিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এ বিষয়ে ত্রিশাল থানার এসআই আলামিন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পর থেকে এনামুল হকের ছোট ভাই মাজহারুল ইসলাম ও তার স্ত্রী পলাতক রয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ দেওয়া হয়নি।