দিল্লিতে বিক্ষোভ, আটক ৭০০

আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ১২:৪৮ এএম

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে গতকাল শুক্রবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভের সময় ৭ শতাধিক মানুষকে আটক করেছে দিল্লি পুলিশ। আটকদের মধ্যে আছেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী আতিশি মারলেনা, আম আদমি পার্টির (আপ) দিল্লি শাখার প্রধান সৌরভ ভরদ্বাজ, সমাজকর্মী যোগেন্দ্র যাদব ও অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরা। এ ছাড়া বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মীরাও আটক হয়েছেন।

নির্বাচনী প্রক্রিয়া অগণতান্ত্রিকভাবে চালানো ও ভোটার তালিকার নিবিড় সংশোধনের (এসআইআর) নামে দেশের ১৩ কোটি মানুষের নাম খারিজ করে শাসক দল বিজেপির সুবিধা করে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে। সেই অভিযোগ সমর্থন পায় অন্য দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশীর আপত্তির খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত হওয়ায়। ওই প্রতিবেদন বিরোধী আন্দোলনকে আরও জোরদার করেছে। বিরোধী জোট ‘ইন্ডিয়া’ গতকাল থেকে দেশজুড়ে লাগাতার আন্দোলনের কর্মসূচি নিয়েছে। অন্যান্য রাজনৈতিক-অরাজনৈতিক ও নাগরিক সংগঠনও একই রকম আন্দোলনে শরিক হয়েছে। গান্ধীজয়ন্তীর দিন যন্তর মন্তরে বিক্ষোভ সমাবেশের জন্য তারাও প্রস্তুতি নেয়। তবে দিল্লি পুলিশ অনুমতি দিতে অস্বীকারই শুধু করেনি, কোনো বিক্ষোভকারী যাতে যন্তর মন্তর পর্যন্ত পৌঁছতে না পারেন, তা নিশ্চিত করেছে। এদিকে সিইসির পদত্যাগ দাবিতে চলা আন্দোলনের মধ্যেই জানা গেছে, ভোটার তালিকার এসআইআরের সময় তালিকায় নাম না ওঠা ১৩ কোটি যোগ্য নাগরিককে ফের ভোটার তালিকায় ফেরাতে বিশেষ অভিযান চালানো হবে বলে জানিয়েছে ভারতের নির্বাচন কমিশন। এসআইআর প্রক্রিয়া শেষ হয়েছে এমন ২০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এ অভিযান চালানো হবে। গতকালের বিক্ষোভে বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি বামপন্থি ছাত্র সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া, ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়া এবং অন্যান্য ছাত্র সংগঠনের সদস্যরা অংশ নেন।

পুলিশের একটি সূত্র জানায়, যন্তর মন্তর এবং এর আশপাশ থেকে বিভিন্ন ছাত্র ও রাজনৈতিক দলের কর্মীসহ প্রায় ৭০০ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয় যন্তর মন্তরের আশপাশের ১২টি মেট্রো স্টেশন। এ ছাড়া বিক্ষোভস্থল এবং আশপাশের এলাকায় ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে।

আম আদমি পার্টির নেতা সৌরভ ভরদ্বাজ সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভ করার পরও তাকে এবং সঞ্জীব ঝাকে আটক করা হয়েছে। তিনি দলের কর্মী ও সমর্থকদের আন্দোলন চালিয়ে যেতে এবং যন্তর মন্তরে পৌঁছানোর আহ্বান জানান। তিনি মানুষকে অনুরোধ করেন, যে মেট্রো স্টেশনগুলো খোলা রয়েছে, তার মধ্যে সবচেয়ে কাছের স্টেশনে গিয়ে সম্ভব হলে সেখান থেকে হেঁটে বিক্ষোভস্থলে পৌঁছাতে।

স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়ার সাধারণ সম্পাদক আইশে ঘোষ জানান, তার দল এবং আরও বেশ কয়েকটি সংগঠনের বেশ কয়েকজন কর্মীকেও আটক করা হয়েছে। তিনি দিল্লি পুলিশের সমালোচনা করে বলেন, ‘দিল্লি পুলিশ রাজধানীতে অপরাধ বন্ধ করতে পারছে না, কিন্তু জ্ঞানেশ কুমারের মতো কাউকে রক্ষা করার বিষয় এলে তারা রাস্তায় নেমে পড়ে।’ তিনি আরও বলেন, ‘এটি গণতন্ত্র নয়। পুলিশ যদি মনে করে আমাদের আটক করে তারা আন্দোলন থামিয়ে দিতে পারবে, তাহলে আমরা তাদের জানিয়ে দিতে চাই, এটি কেবল শুরু।’

১৩ কোটি নাম ভোটার তালিকায় ফেরানোর উদ্যোগ : সিইসির পদত্যাগের দাবিতে চলা আন্দোলনের মধ্যে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, ভোটার তালিকার এসআইআরের সময় তালিকায় নাম না ওঠা ১৩ কোটি যোগ্য নাগরিককে ফের ভোটার তালিকায় ফেরাতে বিশেষ অভিযান চালানো হবে বলে জানিয়েছে ভারতের নির্বাচন কমিশন। এসআইআর প্রক্রিয়া শেষ হয়েছে এমন ২০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এ অভিযান চালানো হবে। এর আওতায় প্রথমবার ভোট দিতে চলা তরুণ-তরুণীদের তালিকায় অন্তর্ভুক্ত করা এবং এসআইআর চলার সময় বাদ পড়ে যাওয়া যোগ্য ভোটারদের তালিকায় ফেরানো হবে।

গত ২৯ সেপ্টেম্বর সব রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তাদের কাছে লিখিত নির্দেশ পাঠায় নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাজ্যগুলোর নির্বাহীদের সঙ্গে ভিডিও কনফারেন্সেও এ নির্দেশের কথা আবার জানানো হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত