টিভির পর্দায় নিউজ পড়েন, ক্যামেরার সামনে দাঁড়ান। আবার বাসায় ফিরেই কাঁচা সবজি কেটে ধুয়ে, প্যাকেট করে ডেলিভারি দেন। মাল্টিমিডিয়া রিপোর্টার ও নিউজ প্রেজেন্টার হিসেবে পরিচিত এই তরুণ উদ্যোক্তা এখন আরেক পরিচয়ে পরিচিত, সতেজঘরের প্রতিষ্ঠাতা। দুই ভিন্ন জগতের এই কাজ একসঙ্গে সামলানো সহজ নয়, কিন্তু তিনি দৃঢ়ভাবে বলেছেন, দুটোই তার কাছে সমান গুরুত্বপূর্ণ।
ছোটবেলা থেকেই নিজের ব্র্যান্ড গড়ার স্বপ্ন দেখতেন তিনি। পরিবারের কিছুটা অমত থাকলেও ইচ্ছাশক্তিকে প্রাধান্য দিয়ে এগিয়েছেন। সাংবাদিকতার পাশাপাশি কেন এই পেশায়, এমন প্রশ্নের মুখোমুখি হয়েছেন অনেকে। উত্তরে তিনি বলেন, ‘সেবার চেয়ে বড় আর কী হতে পারে? গণমাধ্যমকর্মী হিসেবে সত্য তুলে ধরি মানুষের জন্য। এখানেও সেবাই মূল।’ তার মতে, সাংবাদিকতা যেমন সমাজকে সচেতন করে, তেমনি সতেজঘর ব্যস্ত পরিবারগুলোর জীবনকে একটু সহজ করে দিচ্ছে।
ঢাকার ব্যস্ত জীবনে সবজি কেটে ধোয়ার সময় আর হেল্পিং হ্যান্ডের সংকট, এই বাস্তবতা থেকেই জন্ম সতেজঘরের। রেডি-টু-কুক প্যাকেজে কাটা-ধোয়া সবজি, চিংড়ি, পাঙ্গাশ, কই, শিং মাছ, চিকেন, গরুর মাংস, মিক্স ফ্রুটস সবকিছুই পাওয়া যায়। খুলনার ছেলে হিসেবে চুইঝাল, বাগদা চিংড়ি ও আম বিক্রি করেও অভিজ্ঞতা অর্জন করেছেন। বিশেষ করে লতি কাটার মতো কঠিন কাজও নিজের হাতে করেছেন। প্রথম অর্ডারে রাত দুটো পর্যন্ত কেটে গ্রাহকের প্রশংসা পেয়ে চোখের পানিও ফেলেছেন তিনি। সেই অভিজ্ঞতা তাকে আরও শক্ত করেছে। ‘চেষ্টা করলে সব সম্ভব’ এই বিশ্বাসই তার শক্তি।
মিরপুরে ৩০ টাকা, ঢাকার অন্যান্য এলাকায় ৬০ টাকায় ডেলিভারি। প্যাকেট ফ্রিজে রাখলে সবজি এক সপ্তাহ, মাছ কয়েকদিন টেকসই থাকে। গ্রাহকদের পজিটিভ রিভিউ তাকে আরও উৎসাহিত করে। অনেকে বলেন, সতেজঘরের কারণে রান্নাঘরের কাজ অনেক সহজ হয়ে গেছে। বিশেষ করে কর্মজীবী নারী ও ব্যস্ত পরিবারগুলো এই সেবাকে খুবই স্বাগত করে নিয়েছে। ভবিষ্যতে চাল-ডালসহ পূর্ণাঙ্গ অনলাইন শপ গড়ার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া আরও নতুন পণ্য যোগ করে সেবার পরিধি বাড়ানোর ইচ্ছাও আছে।
একদিকে ক্যামেরার সামনে সত্যের খোঁজ, অন্যদিকে ঘরের রান্নাঘরে সময় বাঁচানোর জন্য মানবসেবা। সাংবাদিকতা আর উদ্যোক্তা, দুই পরিচয় মিলিয়ে তিনি প্রমাণ করছেন, সেবা আর ব্যবসা একসঙ্গে চলতে পারে। সতেজঘর এখন শুধু প্যাকেট নয়, অনেক ব্যস্ত পরিবারের জন্য একটু স্বস্তি। তার এই দ্বৈত ভূমিকা অন্য তরুণদেরও অনুপ্রাণিত করছে, যেকোনো পরিস্থিতিতে নিজের স্বপ্নকে ধরে রাখা যায়, যদি ইচ্ছাশক্তি থাকে।