নারায়ণগঞ্জের আড়াইহাজারে রামদা দেখিয়ে এক মোটরসাইকেল আরোহীর পথরোধ করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা এলাকায় তিন দুর্বৃত্ত তার মোটরসাইকেল, দুটি মুঠোফোন ও নগদ ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
ভুক্তভোগীর নাম ফারুক আহমেদ (৪৭)। তার বাবার নাম আলা উদ্দিন বিশ্বাস। তার স্থায়ী ঠিকানা নারায়ণগঞ্জ শহরের নবাব সলিমুল্লাহ রোডের মিশনপাড়া এলাকায়। বর্তমানে তিনি রূপগঞ্জ উপজেলার জলসিঁড়ি এলাকায় বসবাস করেন। তার মোটরসাইকেলের নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ল-৬৮-০৮৫৯।
ফারুক আহমেদের অভিযোগ, শুক্রবার রাতে তিনি নরসিংদীর মাধবদী থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। রাত দেড়টার দিকে আড়াইহাজারের পুরিন্দা এলাকায় পৌঁছালে তিন দুর্বৃত্ত তাঁর পথরোধ করে। এ সময় তাদের হাতে দুটি বড় রামদা ছিল।
অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে দুর্বৃত্তরা তার কাছ থেকে দুটি দামি মুঠোফোন ও নগদ ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে তার মোটরসাইকেলটিও নিয়ে পালিয়ে যায়। এ সময় মোটরসাইকেলে তার জরুরি কাগজপত্রও ছিল।
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, ‘এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’