ঘরের মাঠে শুরুতেই অপ্রত্যাশিত গোল হজম করে ধাক্কা খেয়েছিল বসুন্ধরা কিংস। তবে পিছিয়ে পড়ার সেই ধাক্কা সামলে অল-আউট অ্যাটাকে নেমে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ শনিবার দুই পেনাল্টিসহ ছয় গোলের উত্তেজনা ছড়ানো ম্যাচে চট্টগ্রাম সিটি এফসিকে ৪-২ ব্যবধানে হারিয়ে বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের টানা তৃতীয় জয় তুলে নিয়েছে কিংস।
ম্যাচের ১৩ মিনিটেই কিংস গ্যালারি চুপ করিয়ে দেয় চট্টগ্রাম সিটি। বাঁ দিক থেকে সোনাম আশিসের নেওয়া শটে স্বাগতিকদের রক্ষণের ভুল বোঝাবুঝিতে এগিয়ে যায় সফরকারীরা। তবে সেই ধাক্কা কিংসকে দমাতে পারেনি। ২৮ মিনিটে মোহাম্মদ হৃদয়ের বাড়ানো পাসে ঠাণ্ডা মাথার নিখুঁত ভলিতে সমতা ফেরান ব্রাজিলিয়ান তারকা রবসন রবিনহো। এর মাত্র চার মিনিট পর আবারও হৃদয়ের জোগান দেওয়া বল জালে জড়িয়ে কিংসকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন কাইকে (জেসাস দি সিলভা)।
বিরতির পর স্বাগতিকদের আক্রমণের তীব্রতা আরও বাড়ে। ৫০ মিনিটে চমৎকারভাবে বক্সের ভেতর ঢুকে জোরাল শটে ব্যবধান ৩-১ করেন জাতীয় দলের ফরোয়ার্ড রাকিব হোসেন; এতে পূর্ণ হয় মিডফিল্ডার হৃদয়ের অ্যাসিস্টের হ্যাটট্রিক।
এরপর ৭৯ মিনিটে বক্সের মধ্যে কাইকে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে নিজের জোড়া গোল পূর্ণ করে কিংসের জয় নিশ্চিত করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ম্যাচের শেষ দিকে চট্টগ্রাম সিটির জাফর ইকবাল পেনাল্টি থেকে এক গোল শোধ করলেও তা কেবল ব্যবধানই কমিয়েছে।
এই জয়ে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে বাংলাদেশ ফুটবল লিগের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থান শক্ত করল কিংস। দিনের অন্য ম্যাচগুলোতেও জয় পেয়েছে শীর্ষের দলগুলো। পিডব্লিউডিকে ১-০ গোলে হারিয়ে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে পুলিশ এফসি। ওয়ান্ডারার্সকে ৪-০ গোলে উড়িয়ে ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে মোহামেডান। অন্যদিকে আরামবাগকে একই ব্যবধানে হারিয়ে ১০ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে কিংসের পরেই চার নম্বরে উঠে এসেছে সিটি ক্লাব।
ওয়ান্ডারার্সের জালে ৪ গোলে টানা ৪ জয় মোহামেডানের