পুলিশের ওপর হামলা: ৩ বছর পর প্রধানশিক্ষক গ্রেপ্তার

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পিএম

ভোলার মনপুরায় পুলিশের ওপর হামলার মামলায় প্রায় তিন বছর পর মো. শহিদুল ইসলাম মোল্লা নামে এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং সাকুচিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিরাজগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (২৪ অক্টোবর) সকালে তাকে আদালতে সোপর্দ করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৩ সালের মার্চে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে মনপুরা উপজেলার ১ নম্বর মনপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ইউপি সদস্য প্রার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় পুলিশের ওপর হামলার অভিযোগে একটি মামলা করা হয়। ওই মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছিল।

গ্রেপ্তার শহিদুল ইসলাম মোল্লা দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা। তিনি ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সাকুচিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, শহিদুল ইসলাম মোল্লা পুলিশের ওপর হামলার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত