গোবিন্দগঞ্জে দেড় ডজন মামলার আসামি ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৩২ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই মাদক ব্যবসায়ীকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকসহ দেড় ডজন মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে তাঁদের জেলা কারাগারে পাঠানোর আবেদনসহ গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশি পাহারায় হাজির করা হয়।

এর আগে, শুক্রবার মধ্যরাতে উপজেলার দরবস্ত ইউনিয়নের সাপগাছি হাতিয়াদহ এলাকা থেকে তাঁদের আটক করে পুলিশ। এ সময় তাঁদের শরীর তল্লাশি করে ৫০০টি ইয়াবা বড়ি পাওয়া যায়।

আটক ব্যক্তিরা হলেন উপজেলার ফুলবাড়ী গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে শহিদুল ইসলাম (৩৫) এবং একই উপজেলার দরবস্ত ইউনিয়নের মৃত নছিম উদ্দিনের ছেলে বেলাল হোসেন (৩২)।

গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই মীর কায়েছ জানান, উপজেলার দরবস্ত ইউনিয়নে মধ্যরাতে অভিযান চলাকালে পুলিশ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, ওই ইউনিয়নের একটি স্থানে পাইকারি বিক্রির উদ্দেশ্যে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই দুই মাদক কারবারি অপেক্ষা করছেন।

এ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তাঁদের ৫০০ পিস ইয়াবা বড়িসহ হাতেনাতে আটক করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বলেন, আটক দুই যুবক মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাঁদের বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে মাদকসহ বিভিন্ন অপরাধে প্রায় দেড় ডজন মামলা বিচারাধীন রয়েছে।

সিএসআই শরীফ উদ্দিন জানান, আদালতের বিচারক এসএম গালিব হাসান আবেদনের শুনানি শেষে তাঁদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত