মাদক ও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত গডফাদারদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। গতকাল মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্য প্রদানকালে এ নির্দেশ প্রদান করেন অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. সায়েদুর রহমান। মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি সভায় যুক্ত ছিলেন।
অতিরিক্ত আইজিপি মো. সায়েদুর রহমান বলেন, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে পুলিশের ভাবমূর্তি বাড়ানোর জন্য মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, দায়িত্ব পালনকালে জনগণের সঙ্গে মানবিক আচরণ করতে হবে। ডাকাতি মামলা রেকর্ড ও ঘটনা দ্রুত উদ্ঘাটনের মাধ্যমে অপরাধীদের বিচারের আওতায় আনার নির্দেশ দেন। ধর্ষণ মামলার তদন্ত নিবিড়ভাবে তদারক করতে হবে, যাতে বিচারে সাজার হার বাড়ে। এ ছাড়া তিনি সার্বিকভাবে অন্যান্য মামলা নিষ্পত্তির হার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। সমাজে ইতিবাচক ইমেজধারী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার মাধ্যমে একটি কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রম পরিচালনা করতে হবে। সম্প্রতি সমাপ্ত শারদীয় দুর্গাপূজা নিরাপদে-নির্বিঘেœ উদযাপিত হওয়ায় তিনি মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের আইজিপির পক্ষে ধন্যবাদ জানান।