জাপান সফরের তৃতীয় দিনে টোকিওতে স্বাস্থ্যসেবা, প্রবীণ পরিচর্যা ও সংস্কৃতিবিষয়ক বেশ কিছু প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন বিশিষ্ট হৃদ্রোগ বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
বুধবার (২৮ অক্টোবর) দিনের শুরুতেই তিনি টোকিওর হানেদা ইনোভেশন সিটিতে অবস্থিত ফুজিতা হেলথ ইউনিভার্সিটি হানেদা ক্লিনিকে যান। পরিদর্শনকালে তাকে ক্লিনিকটির আধুনিক চিকিৎসাপ্রযুক্তি ও স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্পর্কে জানানো হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিশ্বের মাত্র পাঁচটি উন্নত সিটি স্ক্যানারের একটি রয়েছে এই ক্লিনিকে। পাশাপাশি ডা. জুবাইদা রহমান পেট-সিটি, এমআরআই সুবিধা এবং চিকিৎসায় ব্যবহৃত রোবট প্রযুক্তি সম্পর্কেও বিস্তারিত ধারণা নেন।
এরপর তিনি বুনকিও-কু এলাকায় সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশন পরিচালিত কমিউনিটি-ভিত্তিক হোম-কেয়ার নার্সিং সেন্টার 'হংগো' পরিদর্শন করেন। সেখানে তিনি নার্সিং ও পুনর্বাসনকেন্দ্রের কার্যক্রম ঘুরে দেখেন এবং কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
দুপুরের খাবারের পর ইউয়েনো পার্কের টোকিও ন্যাশনাল মিউজিয়ামে যান ডা. জুবাইদা রহমান। সেখানে তিনি জাপানের ঐতিহ্য ও সংস্কৃতির নানা নিদর্শন প্রত্যক্ষ করেন।
দিনের শেষভাগে বিকেলে তিনি সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেন। পরবর্তীতে জাপানের রাজপরিবারের সদস্য প্রিন্সেস তাকামাদোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ডা. জুবাইদা রহমান।