শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি শিবা শানু

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০১:২৮ এএম

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা শিবা শানু বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন। অতিরিক্ত সচিব পদমর্যাদায় গ্রেড-২ অনুযায়ী বেতন-ভাতা পাওয়ার শর্তে চুক্তিভিত্তিক এক বছরের জন্য তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। ২৮ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগের শর্ত হিসেবে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগ করতে হবে তাকে। বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্বে রয়েছেন শিবা শানু। নতুন দায়িত্ব গ্রহণ করতে হলে তাকে সভাপতির পদ ছাড়তে হবে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি তিনি।

তার প্রকৃত নাম চৌধুরী মাজহার আলী। ১৯৯৮ সালে ‘মাতৃভূমি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। দীর্ঘ ক্যারিয়ারে পাঁচ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা।

সর্বশেষ সর্বাধিক পঠিত