নয় মাস পর শুটিংয়ে তানিয়া বৃষ্টি

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০১:২৮ এএম

নয় মাস পর অভিনয়ে ফিরেছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ব্রেন টিউমার শনাক্ত হওয়ার পর চলতি বছরের ফেব্রুয়ারি থেকে চিকিৎসার মধ্য দিয়ে যাচ্ছিলেন তিনি। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় আবারও কাজে ফিরেছেন এই অভিনেত্রী। ইকসান রনির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় ‘অংশীদার’ নাটকের মধ্য দিয়ে তার এই প্রত্যাবর্তন। তিন-চার দিন আগে নাটকটির শুটিং শেষ হয়েছে।

নাটকটির সংলাপ লিখেছেন ফারুক আহমেদ রানা ও নন্দী জুয়েল। এ ছাড়া অভিনয় করেছেন ডলি জহুর, ফজলুর রহমান বাবুসহ অনেকে। সমাজে নারীর ন্যায্য অধিকার, আত্মমর্যাদা এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর গল্প উঠে এসেছে এতে। বিশেষ করে বাবার মৃত্যুর পর পৈতৃক সম্পত্তিতে মেয়েদের অধিকার আদায়ের সংগ্রাম তুলে ধরা হয়েছে।

তানিয়া বৃষ্টি বলেন, শারীরিক অবস্থা এমন ছিল যে হয়তো আর অভিনয়ে ফিরতে পারতেন না। তবে ভক্তদের ভালোবাসা ও সমর্থন তাকে কাজে ফেরার অনুপ্রেরণা দিয়েছে। অভিনয়কেও খুব মিস করছিলেন তিনি। পরিচালক ইকসান রনির আগের নাটক ‘বাবার মানুষ’-এও অভিনয় করেছিলেন বৃষ্টি।

বর্তমানে চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন অভিনেত্রী। ‘অংশীদার’ শিগগিরই একটি টেলিভিশন চ্যানেল ও ইউটিউবে প্রচার হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত