মায়ামি ছেড়ে আপাতত কোথাও যাচ্ছেন না মেসি 

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ১২:১১ পিএম

ক্যারিয়ারের অন্তিম লগ্নে এসে শৈশবের ঠিকানায় লিওনেল মেসির ফিরে যাওয়ার গুঞ্জন কিছুদিন ধরেই বেশ জোরালো ছিল। আর্জেন্টিনা ও রোজারিওভিত্তিক সংবাদমাধ্যমে সম্প্রতি দাবি করা হয়েছিল, শৈশবের ক্লাব নিউওয়েল্স ওল্ড বয়েজে মেসিকে ফিরিয়ে আনতে পর্দার আড়ালে জোর প্রস্তুতি চলছে এবং ক্লাবটি ২০২৭ সালের জানুয়ারির মধ্যেই তাঁকে দলে ভেড়ানোর আশা করছে। 

তবে মেসির সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে বিশ্বজুড়ে তৈরি হওয়া জল্পনা-কল্পনার উড়িয়ে দিলেন বিশ্বখ্যাত ট্রান্সফার বিশেষজ্ঞ ও ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমও একই তথ্য দিয়েছে ।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ট’-এর প্রতিবেদন এবং রোমানোর ভাষ্য অনুযায়ী, বর্তমান ক্লাব ইন্টার মায়ামি ছেড়ে অন্য কোথাও যাওয়ার আপাতত কোনো সম্ভাবনা নেই ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ডের। ফ্লোরিডার ক্লাবের সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত তাঁর বর্তমান চুক্তি বহাল রয়েছে এবং তিনি সেটি শেষ করতে পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ।

নিউওয়েলসে ফেরার গুঞ্জন সম্পূর্ণ উড়িয়ে দিয়ে রোমানো তার ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া চ্যানেলে বলেছেন, ‘আর্জেন্টিনার তাঁর প্রথম ক্লাবটি নিয়ে সাম্প্রতিক সময়ে যে তথ্যগুলো ঘুরপাক খাচ্ছে, তা সত্ত্বেও মেসি ইন্টার মায়ামিতে বেশ সুখে আছেন। আগামী মাসগুলোতে কিংবা দীর্ঘ মেয়াদে, কোনো অবস্থাতেই অন্য কোনো ক্লাবে যাওয়ার কথা বিবেচনা বা মূল্যায়ন করছেন না তিনি।’ 

চলতি বছর মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্ট’ অর্জন করা মেসি বর্তমানে সম্পূর্ণ মনোযোগ দিয়েছেন মায়ামির প্রজেক্টে। রোমানো আরও যোগ করেন, ‘মেসি ও তাঁর পরিবার যুক্তরাষ্ট্রে বেশ গুছিয়ে উঠেছে এবং তারা সেখানে আনন্দেই আছে। ২০২৮ সালের পর চুক্তি বাড়ানোর সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, যদিও এবিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় এখনও আসেনি। সব কিছু নির্ভর করবে মেসির শারীরিক ফিটনেসের ওপর।’ 

সর্বশেষ সর্বাধিক পঠিত