সংবাদপত্র ছেঁড়ার ঘটনায় সম্পাদক পরিষদের প্রতিক্রিয়া

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ১০:১৩ পিএম

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের সংবাদপত্র ছিঁড়ে ফেলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে সম্পাদক পরিষদ। সংগঠনটি বলেছে, সংবাদ বা সম্পাদকীয় বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করা গণতান্ত্রিক অধিকার। তবে মতপার্থক্য প্রকাশের ক্ষেত্রে দায়িত্বশীলতা, শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখা জরুরি।

শনিবার (১ নভেম্বর) রাশেদ খানের ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে দৈনিক আমার দেশ পত্রিকার একটি কপি ছিঁড়ে ফেলতে দেখা যায় তাকে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে সম্পাদক পরিষদ এক বিবৃতিতে নিজেদের অবস্থান তুলে ধরে।

বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী এবং সচিব পদমর্যাদায় অধিষ্ঠিত ব্যক্তি হিসেবে রাশেদ খানের বক্তব্য ও আচরণে সংযম এবং দায়িত্বশীলতার পরিচয় দেওয়া প্রত্যাশিত।

একই সঙ্গে সাংবাদিকতার পেশাগত মান, বস্তুনিষ্ঠতা, নৈতিকতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিয়েছে সম্পাদক পরিষদ।

বিবৃতিতে সংশ্লিষ্ট সবার প্রতি উসকানিমূলক বক্তব্য, হুমকি ও হয়রানি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপত্তা সমুন্নত রাখার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীরের পক্ষে বিবৃতিতে স্বাক্ষর করেন সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ।

সর্বশেষ সর্বাধিক পঠিত