গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিদের সমন্বয়ে নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় গতকাল এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, গার্মেন্টস শিল্প খাতে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এবিএম সামছুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতারকে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্য প্রজ্ঞাপনে নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম-মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে নিয়োগ দেওয়া হয়েছে।
বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত ২০২৬)-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে এ নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানকে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিদের নিয়ে ন্যূনতম মজুরি নির্ধারণের পরবর্তী কার্যক্রম গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
এদিকে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ড গঠনের দাবি পূরণ হওয়ায় তাদের রাস্তা থেকে কারখানায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। গতকাল সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ে পোশাকশ্রমিকদের নতুন বেতন নির্ধারণের জন্য ৬ সদস্যের মজুরি বোর্ড ঘোষণার পর তিনি এ আহ্বান জানান।
অপরদিকে নতুন মজুরি নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ড গঠন করায় সরকারের উদ্যোগকে স্বাগত ও সাধুবাদ জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। শ্রমিক নেতারা বলছেন, ‘পাঁচ বছরের পরিবর্তে তিন বছর পর পর মজুরি বোর্ড গঠনের বিধান শ্রমিকদের জন্য অত্যন্ত ইতিবাচক অগ্রগতি। এখন এই বোর্ডের মাধ্যমে দ্রুততম সময়ে নতুন মজুরি নির্ধারণের উদ্যোগ নেওয়া প্রয়োজন। দাবি আদায়ের জন্য শ্রমিকরা রাজপথে নেমেছেন, সরকার দাবি পূরণের পথে পদক্ষেপ নিতে শুরু করেছেন। এ অবস্থায় গার্মেন্টস প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কর্মসূচির মতো আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই।’